শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে আজ শনিবার। সকাল সাড়ে আটটায় ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এ উৎসব শুরু হচ্ছে।আগামীকাল ২১ অক্টোবর রোববার সপ্তমী, ২২ অক্টোবর সোমবার মহা অষ্টমী, ২৩ অক্টোবর মঙ্গলবার মহা নবমী ও ২৪ অক্টোবর বুধবার বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জন হবে।ঢাকা মহানগরের দুর্গোৎসব উদ্যাপন সমন্বয়কারী মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক নির্মল চ্যাটার্জি প্রথম আলোকে জানান, ঢাকেশ্বরী মন্দিরে আজ ষষ্ঠী পূজা ছাড়াও সন্ধ্যায় ভক্তিমূলক গানের আয়োজন করা হয়েছে। সপ্তমী পূজার দিন বেলা ১১টায় গরিবদের মধ্যে বস্ত্র বিতরণ করা হবে। মহা নবমী পূজার দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্দির পরিদর্শন করবেন। মহানগর সার্বজনীন পূজা কমিটি জানিয়েছে, রাজধানীতে এবার ২০১টি স্থানে পূজা হচ্ছে। বরাবরের মতোই সবচেয়ে বেশি পূজা হচ্ছে সূত্রাপুরে। পূজা কমিটি মণ্ডপের আশপাশের সড়কে এবং বিজয়ার শোভাযাত্রার সময় সুষ্ঠুভাবে ট্রাফিক নিয়ন্ত্রণের ব্যবস্থা করার দাবি জানিয়েছে। আজ বিকেল সাড়ে পাঁচটায় মঙ্গলপ্রদীপ জ্বালিয়ে বনানী পূজামণ্ডপের উদ্বোধন করবেন সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত, ঢাকায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরন প্রমুখ উপস্থিত থাকবেন।রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী: শারদীয় দুর্গোৎসব শুরু হওয়া উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী হিন্দুধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে আশা প্রকাশ করেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির ধারাবাহিকতা অক্ষুণ্ন রেখে সবাই জাতীয় উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে অবদান রাখবেন। প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ধর্ম-বর্ণনির্বিশেষে সব মানুষের নিরাপদ আবাসভূমি। সংবিধানে সব ধর্ম ও বর্ণের মানুষের সমান অধিকার সুনিশ্চিত করা হয়েছে।