শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি চলছে সারা দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহালয়ায় দেবীপক্ষ শুরু হয়ে গেছে তিন দিন আগে। মঙ্গলঘট স্থাপন করা হয়েছে। ঢাকে বাড়ি পড়েছে। প্রতিমা চক্ষুষ্মান হয়েছে। পৃথিবীর পিতৃগৃহ হয়ে উঠেছে দেবী দুর্গার আনন্দনিকেতন। ঘোষিত হয়েছে দেবীর আগমনী। আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে চণ্ডীপাঠ। বুধবার মহা ষষ্ঠীতে দেবীর বোধন ও আনুষ্ঠানিক পূজারম্ভ। এখন চলছে তারই প্রস্তুতি। রাজধানীসহ সারা দেশের পূজামণ্ডপে চলছে শারদীয় উৎসবের সাজসজ্জা।মণ্ডপের বাইরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরেও এখন উৎসবের আবহ, কেনাকাটার ব্যস্ততা। দু-তিন দিনের ঝড়বৃষ্টি অবশ্য মণ্ডপ ও মণ্ডপের বাইরের এ উৎসবের প্রস্তুতিতে অনেকটাই বিঘ্ন সৃষ্টি করেছে। তবে দেবী দুর্গা দুর্গতিনাশিনী। তিনি সবকিছু ঠিক করে দেবেন, এটা ভক্তদের স্থির বিশ্বাস।বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী, দেবী এবার দোলায় (পালকি) করে পিতৃগৃহে আসবেন। পূজাশেষে অমরাবতী যাত্রায় দেবীর বাহন হবে হাতি। ঢাকার রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ মহারাজ স্বামী স্থিরাত্মানন্দজি বলেন, শাস্ত্রমতে দেবীর দোলায় আগমন পৃথিবীতে নানা রকম রোগব্যাধির বিস্তার ঘটায়। আর হাতির পিঠে প্রত্যাগমনের মানে হচ্ছে, শস্যপূর্ণা বসুন্ধরা। অর্থাৎ পৃথিবী এবার শস্যে পরিপূর্ণ হয়ে উঠবে।নগরের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা গেছে, সর্বত্রই চলছে প্রতিমা তৈরির শেষ পর্যায়ের কাজ। রাজধানীতে সবচেয়ে বেশি পূজামণ্ডপ পুরান ঢাকার শাঁখারীবাজারে। স্থানীয় বাসিন্দা রজতকুমার সুর প্রথম আলোকে বলেন, শাঁখারীবাজারে এবার শতবর্ষ অতিক্রম করেছে, এমন পূজামণ্ডপ রয়েছে ছয়টি। প্রত্যেকটি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে নানা ধরনের উৎসবের আয়োজন রয়েছে। সান্ধ্য আরতি থেকে শুরু করে মধ্যরাত পর্যন্ত এসব আয়োজনে মুখরিত থাকবে প্রতিটি মণ্ডপ।ঢাকা মহানগর পূজা কমিটি এসব পূজামণ্ডপের মধ্যে সমন্বয় সাধন করছে। কমিটির একটি সূত্র জানায়, এবার ঢাকায় গত বছরের তুলনায় মণ্ডপের সংখ্যা বেড়েছে। এখানে এবার ১৯১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। গতবার মণ্ডপ ছিল ১৬১টি। মহানগর পূজা কমিটির নেতারা বলেছেন, সর্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে এবার সারা দেশে পূজামণ্ডপের সংখ্যা প্রায় ২৭ হাজার, যা গত বছরের তুলনায় প্রায় দেড় হাজার বেশি।মহাষ্টমীতে কুমারীপূজার জন্য বিখ্যাত রামকৃষ্ণ মিশন। মিশনের একটি সূত্রে জানা গেছে, কুমারীপূজার জন্য এবারও পাঁচজন কুমারীকে ইতিমধ্যে নির্বাচন করা হয়েছে। তাদের মধ্য থেকে একজনকে পূজার দিনে নির্দিষ্ট করা হবে।