শারমিন সুলতানার বক্তব্য প্রত্যাখ্যান তনুর পরিবারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তনু হত্যাকাণ্ড
তনু হত্যাকাণ্ড

কলেজছাত্রী সোহাগী জাহান তনুর লাশের প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক কুমিল্লা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক শারমিন সুলতানার বক্তব্য প্রত্যাখ্যান করেছে তনুর পরিবার।
গতকাল বৃহস্পতিবার সকালে তনুর মা আনোয়ারা বেগম সাংবাদিকদের কাছে দাবি করেন, তনুর লাশের প্রথম সুরতহাল ও ময়নাতদন্তের প্রতিবেদনে অসত্য তথ্য লেখা হয়েছে। এতে তনুর মাথার পেছনের জখম ও নাকের আঘাতের কথা উল্লেখ করা হয়নি। শরীরের বিভিন্ন অংশে ও পায়ে আঘাত থাকলেও তা লেখা হয়নি।
গত ১৯ মে তনুর বাবা ইয়ার হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী কুমিল্লা মেডিকেল কলেজের তিন চিকিৎসককে উকিল নোটিশ দেন। ওই তিন চিকিৎসক হলেন কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ মহসিন উজ জামান চৌধুরী, ফরেনসিক মেডিসিন বিভাগের প্রধান কামদা প্রসাদ সাহা ও প্রভাষক শারমিন সুলতানা।

গত বুধবার ওই নোটিশের জবাব দেন তিন চিকিৎসক। এর মধ্যে প্রথম ময়নাতদন্তকারী চিকিৎসক শারমিন সুলতানার বক্তব্য প্রত্যাখ্যান করেছে তনুর পরিবার। অন্য দুই চিকিৎসকের বক্তব্য নিয়ে তারা কোনো প্রতিক্রিয়া জানায়নি।

অভিযোগ প্রসঙ্গে গতকাল শারমিন সুলতানা বলেন, ‘সুরতহাল অনুযায়ী প্রথম ময়নাতদন্ত প্রতিবেদন করা হয়েছে। আমি যা পেয়েছি, তা থেকেই প্রতিবেদন দিয়েছি।’

তবে ওই চিকিৎসকের বক্তব্য প্রত্যাখ্যান করে গতকাল তনুর বাবা ইয়ার হোসেন বলেন, ‘আমি নিজের চোখে দেখেছি তনুর মাথার পেছনে আঘাতের চিহ্ন। নাক চ্যাপ্টা হয়ে গেছে। কানের নিচে দাগ রয়েছে। এখন শারমিন সুলতানা যা বলছেন, সব মিথ্যা তথ্য।’

২০ মার্চ তনুর লাশ কুমিল্লার ময়নামতি সেনানিবাসের একটি কালভার্টের কাছের ঝোপ থেকে উদ্ধার করা হয়। লাশের প্রথম ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত নয় এবং ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে প্রতিবেদন দেন শারমিন সুলতানা। ২৮ মার্চ আদালতের নির্দেশে লাশ কবর থেকে উত্তোলন করে দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়। এ ছাড়া ডিএনএ প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া যায়।