শারমিনের কাল এসএসসি পরীক্ষা দেওয়া হবে না
আগামীকাল রোববার শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না শারমিন আক্তার ওরফে জুলি নামের এক শিক্ষার্থী। সে মিরসরাই উপজেলা সদরের পাইলট উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষার্থী। ২০১০ সালে জুুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) পাইলট উচ্চবিদ্যালয় থেকে উত্তীর্ণ হয়ে একই বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণীতে নিয়মিত অধ্যয়ন করে জুলি। গত বছরের জুলাই মাসে এসএসসির নির্বাচনী পরীক্ষায়ও সে অংশগ্রহণ করে। নির্বাচনী পরীক্ষায় কৃতকার্য হওয়ার পর সে আগামীকাল থেকে শুরু হওয়া এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু হঠাৎ গত ২৯ জানুয়ারি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষ জুলিকে জানিয়ে দিল, সে পরীক্ষা দিতে পারবে না।জুলির অভিভাবক বিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে বিষয়টি জানতে চাইলে তারা জানায়, সে জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়নি। বিদ্যালয় কর্তৃপক্ষের এমন কথায় অনেকটা বাকরুদ্ধ হয়ে পড়েন শিক্ষার্থীর বাবা ও মিরসরাই পৌরসভার সাবেক কাউন্সিলর আবুল কাশেম। আবুল কাশেম বলেন, ‘আমার মেয়ে যদি জেএসসিতে অকৃতকার্য হয়, তাহলে কীভাবে তার নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন হলো, দশম শ্রেণীতে উত্তীর্ণ হলো সে? কীভাবে এবার এসএসসি পরীক্ষার ফরম পূরণ করল সে?’শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, জেএসসির ফল প্রকাশের পর স্কুলের শিক্ষকেরা আমার বাবার কাছে থেকে পাসের মিষ্টিও খেয়েছেন। কিন্তু এখন বলছেন আমি জেএসসিতে পাস করিনি।’ এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহিউদ্দিন জানান, ‘আমি গত ডিসেম্বর মাসে পাইলট স্কুলে যোগ দিয়েছি। এর আগে বিদ্যালয়ের বর্তমান সহকারী প্রধান শিক্ষক নুরুল আবছার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন।’পাইলট উচ্চবিদ্যালয়ের তৎকালীন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বর্তমান সহকারী প্রধান শিক্ষক নুরুল আবছার নতুনভাবে সংযোজিত অনলাইনে নবম শ্রেণীর রেজিস্ট্রেশন করার পদ্ধতিকে দায়ী করে বলেন, অনলাইন ত্রুটির জন্যই এমনটি ঘটেছে।জুলির এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া প্রসঙ্গে নুরুল আবছার বলেন, সে জেএসসিতে কৃতকার্য হয়নি। কৃতকার্য না হয়ে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়ন এবং সর্বশেষ এসএসসি নির্বাচনী পরীক্ষায় কী করে অংশ নিল, জানতে চাইলে সহকারী প্রধান শিক্ষক জানান, জুলি এক বিষয়ে ফেল করে। পরবর্তী সময়ে ওই বিষয়ে পরীক্ষা দেওয়ার কথা থাকলেও সে দেয়নি।