শারীরিক পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীতে ধর্ষণের শিকার হওয়া দুই ছাত্রীর শারীরিক পরীক্ষায় ধর্ষণের আলামত মেলেনি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মেডিসিন বিভাগের বিশেষজ্ঞরা। গতকাল বৃহস্পতিবার পরীক্ষার প্রতিবেদন মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে দেওয়া হয়েছে।

তবে মামলা তত্ত্বাবধানকারী কর্মকর্তা বলেছেন, প্রতিবেদনে যা-ই থাকুক না কেন, অপরাধ প্রমাণে এটা সহায়ক হবে।

মামলার তদন্তকারী কর্মকর্তা উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশনের পরিদর্শক ইসমত আরা গতকাল দুপুরে ধর্ষণের ঘটনায় করা প্রতিবেদন নিতে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগে যান। এ সময় বিভাগের প্রধান সোহেল মাহমুদ পুলিশ কর্মকর্তার হাতে প্রতিবেদনটি তুলে দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, দুই ছাত্রীর ডিএনএ পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়নি। তবে ডাক্তারি পরীক্ষায় তাঁদের বয়স নির্ধারণ করা হয়েছে। একজনের বয়স ২২ বছর, আরেকজনের ২৩ বছর।

সোহেল মাহমুদ গতকাল বলেন, ধর্ষণের শিকার হওয়ার পর দেরি হলে আলামত নষ্ট হয়ে যায়।

গত ৭ মে মামলার তদন্তকারী কর্মকর্তা ইসমত আরা দুই ছাত্রীর ধর্ষণের পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠান। ওই দিন বিভাগের প্রধান সোহেল মাহমুদের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিকেল বোর্ড দুই ছাত্রীর ধর্ষণের পরীক্ষা করে। মেডিকেল বোর্ডের অন্য সদস্যরা হলেন নিলুফার ইয়াসমিন, কবির সোহেল, মমতাজ আরা ও কবিতা সাহা।

মামলার তত্ত্বাবধানকারী ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় গতকাল প্রথম আলোকে বলেন, দুই ছাত্রীর ধর্ষণের সপক্ষে পর্যাপ্ত তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

ধর্ষণ মামলার প্রধান আসামিসহ পাঁচ আসামির সবাইকে ইতিপূর্বে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে চারজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাঁরা হলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে শাফাত আহমেদ, তাঁর বন্ধু নাঈম আশরাফ ওরফে আবদুল হালিম, সাদমান সাকিফ, শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন। রেইনট্রি হোটেলে দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনায় এক ছাত্রীর বন্ধু ও তাঁর অন্য এক বান্ধবী সাক্ষী হিসেবে ইতিপূর্বে আদালতে জবানবন্দি দিয়েছেন। এক ছাত্রীকে ধর্ষণ করা নাঈম আশরাফের ডিএনএ পরীক্ষার প্রতিবেদন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অল্প সময়ের মধ্যে হাতে পাবে।

গত ২৮ মার্চ বনানীর রেইনট্রি হোটেলে দুই বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটে। তাঁদের মধ্যে এক ছাত্রী ৬ মে বনানী থানায় মামলা করেন। মামলায় আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ, তাঁর বন্ধু সাদমান সাকিফ, নাঈম আশরাফ, শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী ওরফে আজাদকে আসামি করা হয়। এজাহারে নাম থাকা সব আসামি গ্রেপ্তার হয়েছেন।