শারীরিক প্রতিবন্ধীর ওপর শ্রমিক লীগ নেতার হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মালীপাড়া গ্রামের শারীরিক প্রতিবন্ধী নিজাম উদ্দীন ও তাঁর পরিবারের ওপর এক শ্রমিক লীগ নেতার নেতৃত্বে হামলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক মাসেও এই সন্ত্রাসী হামলার অভিযোগ থানায় মামলা হিসেবে গ্রহণ করা হয়নি। এর প্রতিবাদে এবং বিচারের দাবি জানিয়ে গত সোমবার স্থানীয় প্রেসক্লাবে নিজাম সংবাদ সম্মেলন করেন।সমেঞ্চলনে লিখিত বক্তব্যে নিজাম উদ্দীন অভিযোগ করেন, মালীপাড়া মৌজায় তাঁর এক একর ৩৪ শতক জমি আছে। ১২ বছর ধরে তিনি ওই জমি ভোগ করছেন। ২১ ফেব্রুয়ারি ওই জমিতে বোরো ধান রোপণের সময় জাতীয় রিকশা-ভ্যান শ্রমিক লীগের ক্ষেতলাল শাখার সভাপতি খলিলুর রহমান ও তাঁর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এতে তাঁর ছেলেসহ তিনজন গুরুতর আহত হন। একই দিন তাঁরা তাঁর বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেন। নিজাম উদ্দীন বলেন, ‘পরদিন আমি ক্ষেতলাল থানায় খলিলুরকে প্রধান আসামি করে সাতজনের বিরুদ্ধে এজাহার দিই। কিন্তু খলিলুর রহমান ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় পুলিশ এজাহারটি মামলা হিসেবে নিতে রাজি হয়নি। এ কারণে আমি ও আমার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতার মধ্যে আছি।’ খলিলুর রহমান নিজাম উদ্দীন ও তাঁর পরিবারের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ওই এক একর ৩৪ শতক জমি তিনি নিজাম উদ্দীনের এক আত্মীয়ের কাছ থেকে কিনেছেন। ওই জমিতে তিনি এ মৌসুমে বোরো আবাদ করেছেন।ক্ষেতলাল থানার ওসি মোবারক আলী জানান, নিজাম উদ্দীন ও খলিলুর রহমানের মধ্যের ঘটনা মীমাংসা হওয়ার কথা ছিল। এ কারণে এজাহারটি মামলা হিসেবে নেওয়া হয়নি।