শারীরিক বাধা দমাতে পারেনি আমিনুলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জন্ম থেকে দুই হাতে সমস্যা আমিনুল ইসলামের (২৩)। মনে তাঁর অদম্য ইচ্ছা, পড়াশোনা করবেন। তাই শারীরিক বাধা তাঁকে দমাতে পারেনি। হাতের বদলে পায়ে ধরেছেন কলম। উতরে গেছেন একটির পর একটি ক্লাস। পায়ে ধরা কলম দিয়ে লিখেই এবারের এইচএসসি পরীক্ষা দিচ্ছেন তিনি। আমিনুলের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর গ্রামে। পরীক্ষা দিচ্ছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে।আমিনুলের প্রত্যাশা, পড়াশোনা শেষ করে শিক্ষক হবেন। ছায়া হয়ে দাঁড়াবেন মায়ের পাশে। খিদিরপুর বহুমুখী উচ্চবিদ্যালয় থেকে ২০০৯ সালের এসএসসি পরীক্ষায় ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৩.৪০ পেয়ে উত্তীর্ণ হন আমিনুল। গতকাল মঙ্গলবার সকালে এইচএসসি পরীক্ষার প্রথম দিন ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, আমিনুল পা দিয়ে লিখছেন। তাঁর লেখাও সুন্দর। পরীক্ষা শেষে আমিনুল বলেন, ‘পড়াশোনা শেষ করে আমি শিক্ষক হতে চাই। মায়ের পাশে আমাকে দাঁড়াতেই হবে। মায়ের সহযোগিতায় আমি এত দূর আসতে পেরেছি। এ কাজে আমাকে শিক্ষক ও প্রতিবেশীরা উৎসাহ দিয়েছেন।’মা মনোয়ারা বেগম বলেন, ‘আমার স্বামী বেঁচে নেই। পরিবারে দুই ছেলে ও এক মেয়ের মধ্যে আমিনুল দ্বিতীয়। মেয়ে আমেনার বিয়ে দিয়েছি। ছোট ছেলে আজিজুল ইসলাম নরসিংদী সরকারি কলেজে অনার্সে পড়ছে।’ মনোয়ারা জানান, বেসরকারি সংস্থা ব্র্যাকে চাকরি করেন তিনি। যে বেতন পান, এতে দুই ছেলের পড়াশোনার খরচ চালানো দায়। পড়াশোনার দিকে আমিনুলের প্রবল আগ্রহ দেখে তিনি অনেক কষ্টে তাঁর এই খরচ জোগাচ্ছেন।