শারীরিকভাবে নির্যাতিতদের মধ্যে নারীর অবস্থান শীর্ষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে শারীরিকভাবে নির্যাতিতদের মধ্যে নারীর অবস্থান শীর্ষে। যৌতুকের কারণেই অধিকাংশ নারী শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এই তথ্য জানিয়েছেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী।বিকেল পাঁচটার পর ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরুর পর প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।তারানা হালিমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, ২০১০-১১ অর্থবছরে সারা দেশে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) আসা নির্যাতনের শিকার নারী ও শিশুদের মধ্যে ৭৪ দশমিক ২১ শতাংশ ছিল শারীরিক নির্যাতনের শিকার, ২৩ দশমিক ৮৯ শতাংশ যৌন নির্যাতনের শিকার এবং ১ দশমিক ৯ শতাংশ ছিল অগ্নিদগ্ধ। ২০০৯-১০ অর্থবছরে নারী ও শিশুদের মধ্যে ৭২ দশমিক ৬৭ শতাংশ শারীরিক নির্যাতন, ২৫ দশমিক ৯৪ শতাংশ যৌন নির্যাতন এবং ১ দশমিক ৪ শতাংশ দগ্ধের শিকার হয়। তিনি জানান, নারী নির্যাতন রোধে এরই মধ্যে পারিবারিক সহিংসতা (প্রতিরোধ ও সুরক্ষা) আইন, ২০১০ সংসদে অনুমোদিত হয়েছে। বিধিমালা তৈরি প্রক্রিয়াধীন।শামসুর রহমান শরীফের প্রশ্নের জবাবে শিরীন শারমিন জানান, আশুলিয়ায় পোশাকশিল্পে নারী শ্রমিকদের আবাসন সমস্যার কথা চিন্তা করে বর্তমান সরকার ৯৭ শতাংশ জমি অধিগ্রহণ করে ১১ তলা ভবন নির্মাণ কার্যক্রম হাতে নিয়েছে। ভবন নির্মাণ করা হলে ৮৩৬ জন নারী শ্রমিকের আবাসন সমস্যার সমাধান হবে।তাজুল ইসলামের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাড়াতে তিনটি সড়ক উন্নয়ন প্রকল্প চলমান রয়েছে। এগুলো হলো: ভোমরা স্থলবন্দর সংযোগসহ সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প, বিরিশিরি-বিজয়পুর স্থলবন্দর সড়ক নির্মাণ (মাদুরপাড়া সংযোগসহ) প্রকল্প, নকলা-নালিতাবাড়ী-নাকুগাঁও স্থলবন্দর সড়ক উন্নয়ন প্রকল্প। স্বতন্ত্র সদস্য ফজলুল আজিমের প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী বলেন, ঢাকা শহরে চলাচলের সুবিধার জন্য বিআরটিসির মাধ্যমে আরও বাস দেওয়ার পরিকল্পনা রয়েছে। শব্দযন্ত্র-বিভ্রাট: গতকাল অধিবেশন শুরুর কিছুক্ষণ পর বেসরকারি সদস্যদের সিদ্ধান্ত প্রস্তাব চলাকালে হঠাৎ বন্ধ হয়ে যায় অধিবেশনকক্ষের শব্দযন্ত্র। এ সময় রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হকের সিদ্ধান্ত প্রস্তাব নিয়ে বক্তব্য দিচ্ছিলেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এনামুল হক। বিষয়টি অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকারের দৃষ্টিতে যায়। তিনি নিজের মাইক্রোফোন চালুর চেষ্টা করলেও তা চালু হয়নি।পরে বিকল্প ব্যবস্থা হিসেবে কর্ডলেস মাউথপিস দিয়ে কাজ শুরু হয়। প্রায় পাঁচ মিনিট পর শব্দযন্ত্র আবার চালু হলে ডেপুটি স্পিকার বলেন, ‘শব্দযন্ত্রের এই বিভ্রাটের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করি, সংশ্লিষ্টরা আগামীতে সতর্ক থাকবেন, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’