শারীরিকভাবে প্রতিবন্ধীদের জন্য ক্যারিয়ার এক্সপো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা-মা অসুস্থ হয়ে পড়ায় নবম শ্রেণিতে পড়ার সময়েই মেহেদী হাসানের কাঁধে এসে পড়ে সংসারের দায়িত্ব। সেই থেকে জীবনসংগ্রাম শুরু। দৃষ্টিপ্রতিবন্ধী হওয়ায় তা যেন আরও কঠিন হয়ে ওঠে। হাজারো বাধাবিপত্তি পেরিয়ে এখন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে পড়ছেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের খরচ জোগাতেও হিমশিম খেতে হচ্ছে মেহেদীকে। তার ওপর দৃষ্টিপ্রতিবন্ধীদের পড়াশোনাও বেশ ব্যয়বহুল। তাই এখন একটি চাকরি তাঁর প্রয়োজন। এসেছিলেন শারীরিক প্রতিবন্ধীদের জন্য আয়োজিত ক্যারিয়ার এক্সপোতে। মেহেদীর ইচ্ছা কিছুটা পূরণ হয়েছে। এক্সপোতেই একজন আগ্রহী নিয়োগদাতা তাঁর জীবনবৃত্তান্ত চেয়েছেন যে!
গতকাল রাজধানীর দ্য ডেইলি স্টার ভবনের এ এস মাহমুদ সেমিনার হলে ফিজিক্যালি চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) আয়োজন করেছিল ক্যারিয়ার এক্সপো। শুধু শারীরিকভাবে প্রতিবন্ধকতাসম্পন্ন যুবাদের জন্য ছিল এই ক্যারিয়ার এক্সপো। এতে বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া শারীরিকভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।
দিনব্যাপী এই ক্যারিয়ার এক্সপোতে প্রথমেই ছিল প্রশিক্ষণের ব্যবস্থা। এ ছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এতে অংশ নিয়ে শারীরিক প্রতিবন্ধীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। চাকরিসংক্রান্ত তাঁদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর্মকর্তারা। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইটস হিউম্যানিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আদনান হোসেইন, ব্র্যাকের মরিয়ম আখতার, নেসলের আহসানুল কবির, এনআরবি গ্লোবাল ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী প্রমুখ। এ ছাড়া মার্কিন দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পাবলিক ডিপ্লোমেসি অফিসার কেলি মিশেল ক্লার্ক।