শার্ট-প্যান্টের দাম এবার বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​ঈদের কেনাকাটায় তরুণদের পছন্দ থাকে জিনস প্যান্ট। গতকাল বিকেলে রাজধানীর একটি বিপণিবিতানে প্যান্ট দেখেন এক তরুণ ক্রেতা l ছবি: ​​‍প্রথম আলো
​ঈদের কেনাকাটায় তরুণদের পছন্দ থাকে জিনস প্যান্ট। গতকাল বিকেলে রাজধানীর একটি বিপণিবিতানে প্যান্ট দেখেন এক তরুণ ক্রেতা l ছবি: ​​‍প্রথম আলো

রমজান মাসের বদলে যাওয়া রুটিনের সঙ্গে রোজাদারদের জীবন–যাত্রা এখন অভ্যস্ত হয়ে উঠেছে। এর সঙ্গে যোগ হচ্ছে ঈদের কেনাকাটার প্রস্তুতি পরিকল্পনা। এবার রোজার শুরুর দিকেই চাকরিজীবীরা তাঁদের মাসিক বেতনের টাকা হাতে পেলেও ঈদের বড় অঙ্কের কেনাকাটার পর্ব এখনো শুরু করেননি। রাজধানীর মার্কেটগুলোতে ঘুরেফিরে দেখা গেছে, ক্রেতাদের সমাগম দিনে দিনে বাড়তির দিকে। তবে বেচাকেনার জমজমাট পরিবেশ এখনো সৃষ্টি হয়নি। ব্যবসায়ীরা দোকানভরা পণ্য সাজিয়ে অপেক্ষা করছেন ক্রেতাদের হাত খুলে কেনাকাটা শুরুর অপেক্ষায়।

ঈদুল ফিতরে পোশাক–আশাকই থাকে কেনাকাটার তালিকার সিংহভাগজুড়ে। শুরু হয় বাড়ির ছোটদের দিয়ে, এরপর দিনে দিনে এ বিপণিবিতান, ও মার্কেট ঘুরে সবার জন্যই কিছু কিছু করে কেনা। কেনাকাটার সেই পরিবেশ সৃষ্টি হবে রোজার প্রথম ১০ দিন পেরিয়ে যাওয়ার পরে।

গতকাল শুক্রবার ছিল রমজান মাসের প্রথম জুমা, একই সঙ্গে সাপ্তাহিক ছুটি। ফলে দুপুরের পরে রাজধানীর ছোট–বড় সব বিপণিবিতানেই ক্রেতার সমাগম বেড়ে ওঠে। তাতে বেচাকেনাও গত কয়েক দিনের তুলনায় বাড়ে। ঈদে পুরুষদের পোশাকের মধ্যে পাঞ্জাবির চাহিদা থাকে বেশি। এ ছাড়া শার্ট, প্যান্টেও বিক্রি হয় প্রচুর।

তবে আমদানি করা তৈরি পোশাকের ওপর শুল্ক বাড়ানোর ফলে শার্ট-প্যান্টের দাম গতবারের চেয়ে একটু বেশি। নয়াপল্টনের সুপার মার্কেট গাজী ভবনের তৈরি পোশাকের দোকান মালিহা প্যালেসের ব্যবস্থাপক জানালেন, বেচাকেনা এবার তেমন ভালো নয়। আমদানি করা পোশাকে কর বাড়ানো হয়েছে দ্বিগুণ। এর আগের ঈদের সময় প্রতিটি জিনস প্যান্টের শুল্ক ছিল ২০০ টাকা, এবার করা হয়েছে ৪০০ টাকা, প্রতিটি টি-শার্ট ও শার্টের শুল্ক ছিল ৮০ টাকা, এবার করা হয়েছে ২০০ টাকা। (এটা অবশ্য সদ্য ঘোষিত বাজেটে নয়) ফলে শার্ট-প্যান্টের দাম গত ঈদের চেয়ে এবার বেশি।

দেশি ব্র্যান্ডগুলো ঈদ উপলক্ষে তাদের নিজেদের ডিজাইন করা শার্ট, টি-শার্ট ও প্যান্ট এনেছে শোরুমগুলোতে। বিক্রেতারা জানালেন, গরম বলে হাফহাতা টি-শার্টের চাহিদা এবার বেশি। শার্টের মধ্যে ফুলের নকশা করা সুতি শার্টে চলছে এবার। সব দোকানেই শার্ট-প্যান্টের দাম মোটামুটি এ রকমই। ক্রেতারা যাচাই-বাছাই করে কেনাকাটা শুরু করবেন, জমে উঠবে ঈদের বাজার।