শার্টের মজুরি ১৩ টাকা!

মজুরি বাড়ানোর দাবিতে সমাবেশ এবং ঢাকা জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছেন সদরঘাটের ইস্ট বেঙ্গল ও লেডিস মার্কেটের রেডিমেড দরজিশ্রমিকেরা। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় সদরঘাট লঞ্চ টার্মিনালের পাশে সাইকেল মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, ১৫ বছর ধরে সদরঘাট অঞ্চলে দরজিশ্রমিকদের মজুরি বাড়ানো হয়নি। রেডিমেড দরজিশ্রমিকেরা বেশির ভাগ উৎপাদন ভিত্তিতে (পিস রেটে) কাজ করেন। তাঁদের প্রতি পিস প্লেইন ফুল শার্ট সেলাই বাবদ মাত্র ১৩ টাকা আর হাফ শার্ট সেলাইয়ে মাত্র ১১ টাকা মজুরি দেওয়া হয়। অথচ এসব শার্ট খুচরা বাজারে গড়ে ২০০ থেকে ২৫০ টাকা দামে বিক্রি হয়।
বক্তারা বলেন, গত ১৫ বছরে দ্রব্যমূল্য, বাড়িভাড়া, গাড়িভাড়া, গ্যাস, বিদ্যুতের বিল বহুগুণ বেড়েছে। মালিকেরাও বেশি দামে কিনছেন কাপড়, সুতা, বকরমসহ সব উপকরণ। শ্রমিকদের ফুল শার্ট সেলাই ৩০ টাকা ও হাফ শার্ট সেলাই ২৫ টাকা মজুরি নির্ধারণ করতে হবে।
বক্তারা আরও বলেন, সদরঘাট এলাকার রেডিমেড দরজিশ্রমিকেরা মজুরি হার বাড়ানোর দাবিতে শ্রমিক কর্মচারী ফেডারেশনের নেতৃত্বে তিন মাস ধরে আন্দোলন করে আসছেন। এর অংশ হিসেবে গত ৬ মার্চ লেডিস মার্কেট দোকান মালিক সমিতি বরাবর স্মারকলিপিও দেওয়া হয়। কিন্তু এখন পর্যন্ত মজুরি বাড়ানোর কোনো উদ্যোগ নেয়নি মালিকপক্ষ। বারবার সময় নিয়ে কালক্ষেপণ করছে তারা। অন্যদিকে শ্রমিক সংগঠকদের ছাঁটাই, মামলাসহ বিভিন্ন হুমকি দেওয়া হচ্ছে। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। আগামী ৫ মের মধ্যে মজুরি বাড়ানোর উদ্যোগ নেওয়া না হলে শ্রমিকেরা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।
বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের ঢাকা মহানগরের সভাপতি ফখরুদ্দীন কবিরের সভাপতিত্বে সমাবেশে বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উজ্জ্বল রায়, ছাত্র ফ্রন্ট নেতা মাসুদ রানা, দরজিশ্রমিকনেতা আবীর মাহমুদ, আবুল কালাম ব্যাপারী, আরিফ হোসেন, মো. আফজাল, মো. ইদ্রিস, ইউনুস আহমেদ, আনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য দেন।