শার্শা ও মংলায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা
যশোরের শার্শা ও বাগেরহাটের মংলা উপজেলা থেকে খুলনায় বিএনপির বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার পথে দলীয় কর্মী-সমর্থকের গাড়িবহরে হামলা হয়েছে। এ ঘটনার নিন্দা জানিয়েছেন দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। এদিকে পাটুরিয়া ঘাটে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে গিয়ে স্থানীয় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। যশোরে গাড়িবহরে হামলা: যশোরের শার্শা উপজেলা থেকে খালেদা জিয়ার জনসভায় যোগ দিতে যাওয়ার পথে গতকাল রোববার দুপুরে শার্শার নাভারন সাতক্ষীরা মোড়ে সরকারদলীয় সমর্থকেরা বিএনপির কর্মী-সমর্থকদের গাড়িবহরে হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।গাড়িবহরে থাকা বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন বলেন, পুলিশের উপস্থিতিতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনের নেতৃত্বে ২০-২৫ জন সশস্ত্র ব্যক্তি গাড়িবহরে হামলা চালায়। ওই সময় ফাঁকা গুলি ও বোমা ছোড়া হয়। হামলার কারণে ২৫টি গাড়ির মধ্যে চারটি গাড়ি খুলনায় যেতে পারেনি। এতে ৩০ জন আহত হয়েছে বলেও তিনি দাবি করেন। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, কিছু লোক বিশৃঙ্খলা করার চেষ্টা করেছিল, কিন্তু পুলিশ তা প্রতিহত করেছে।মংলায় বাধা: গতকাল খুলনায় বিভাগীয় মহাসমাবেশে যোগ দিতে যাওয়ার সময় মংলায় বিএনপির স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ করা হয়েছে। এতে ৩০ জন আহত হয়েছে বলে বিএনপি দাবি করেছে। দলের নেতা-কর্মীরা জানান, আহতদের মধ্যে শহীদুল ও সেলিম নামের দুই কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসমাবেশে মংলা থেকে বিএনপির নেতা-কর্মীদের নিয়ে ১৬টি গাড়ি যাওয়ার কথা থাকলেও শহরের মামার ঘাট ও স্থায়ী বন্দর বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের সমর্থকদের বাধার মুখে ১৫টি গাড়ি দুপুর পর্যন্ত ছেড়ে যেতে পারেনি। পৌর বিএনপির সভাপতি তোফাজ্জেল হক জানান, যুবলীগ ও ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা তাঁদের ওপর হামলা চালায়। পাটুরিয়া ঘাটে সংঘর্ষ: গতকাল সকালে জেলার শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাটে জেলা বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। ফেরিঘাটে খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে গিয়ে এই ঘটনা ঘটে। পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, খুলনায় বিভাগীয় সাংগঠনিক মহাসমাবেশে যোগ দিতে খালেদা জিয়া গতকাল সকালে ঢাকা থেকে খুলনার উদ্দেশে যাত্রা করেন। পাটুরিয়া ঘাটে তাঁকে স্বাগত জানাতে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন, সাবেক সাংসদ হারুন আর রশিদ খান ও বিএনপির নেতা তোজাম্মেল হকের সমর্থক নেতা-কর্মীরা সকাল থেকে জড়ো হন। সকাল পৌনে নয়টার দিকে তোজাম্মেল হকের নেতৃত্বে ঘাট এলাকায় একটি মিছিল বের করেন তাঁর সমর্থকেরা। এর কয়েক মিনিট পরই খোন্দকার দেলোয়ারের সমর্থকেরাও একটি মিছিল বের করেন। মিছিল দুটি তিন নম্বর ঘাটের কাছে মুখোমুখি হলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ লাঠিপেটা করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে। সংঘর্ষের পর খালেদা জিয়া সকাল ১০টার দিকে পাটুরিয়া ঘাটে উপস্থিত হন।বিএনপি মহাসচিবের নিন্দা: খুলনায় বিভাগীয় মহাসমাবেশে যাওয়ার পথে বিভিন্ন স্থানে দলীয় নেতা-কর্মীদের ওপর সরকারদলীয় কর্মীরা হামলা করেছে—এ অভিযোগ এনে এর নিন্দা জানিয়েছে বিএনপি। গতকাল রোববার দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান। বিজ্ঞপ্তিতে মহাসচিব অভিযোগ করেন, সাতক্ষীরা, বাগেরহাট, নড়াইল ও যশোরের বিভিন্ন উপজেলার বিএনপির নেতা-কর্মীরা যখন সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন, তখন আওয়ামী লীগের কর্মীরা বিভিন্ন স্থানে তাদের ওপর হামলা চালায়। এই ঘটনাকে ন্যক্কারজনক উল্লেখ করে তিনি দাবি করেন, বিএনপির সমাবেশে মানুষের ঢল দেখে ঈর্ষান্বিত হয়ে আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন, যশোর অফিস, নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ ও মংলা (বাগেরহাট) সংবাদদাতা]