শার্শা সীমান্তে গুলিতে বাংলাদেশি নিহত, বিএসএফের অস্বীকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলার ধান্যখোলা সীমান্তে গতকাল বুধবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবদুল আলিম (৩৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তাঁর বাড়ি সীমান্তের হরিণাপোতা গ্রামে। তবে বিএসএফ গুলি করার কথা অস্বীকার করেছে।বিজিবি সূত্রে জানা গেছে, নিহত আলিমের ভাই মোখলেছুর রহমান গতকাল সকালে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ধান্যখোলা ক্যাম্পে গিয়ে অভিযোগ করেন, তাঁর ভাই আলিমসহ কয়েকজন বাংলাদেশি গরু কেনার উদ্দেশ্যে ভারতে গিয়েছিলেন। গতকাল ভোরে বাঁশখালী সীমান্ত দিয়ে দেশে ফেরার পথে বিএসএফ তাঁদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে আলিম মারা যান।জানতে চাইলে বিজিবি ধান্যখোলা ক্যাম্পের হাবিলদার আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, বাংলাদেশি নিহত হওয়ার ঘটনার সত্যতা যাচাইয়ে বিএসএফের সুটিয়া ক্যাম্পে প্রথমে চিঠি পাঠানো হয়। দুপুরে ধান্যখোলা সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিএসএফের সুটিয়া ক্যাম্পের ইন্সপেক্টর (পরিদর্শক) এ মণ্ডল প্রতিনিধিত্ব করেন। তিনি গুলি করার কথা অস্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে খোঁজ নিয়ে দেখা হবে। সত্যতা পাওয়া গেলে পরে জানানো হবে।’