শার্শায় এক কেজি সোনাসহ যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-বেনাপোল সড়কের শার্শা উপজেলার আমড়াখালী তল্লাশি চৌকি থেকে ১০টি সোনার বারসহ মিথুন নামের এক যুবককে আটক করা হয়েছে। আজ সোমবার দুপুর পৌনে ১২টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২৬ ব্যাটালিয়নের সদস্যরা তাঁকে আটক করেন।

২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, দুপুরে মিথুন মোটরসাইকেলে করে যশোর থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। আমড়াখালী তল্লাশি চৌকিতে থামিয়ে তাঁর দেহে তল্লাশি  করা হয়। এ সময় তাঁর কোমর থেকে বেল্টের সঙ্গে বাঁধা ১০টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধার করা সোনার বারগুলোর মধ্যে সাতটি সুইজারল্যান্ড ও তিনটি দুবাইয়ের। ১০টি বারের ওজন এক কেজি ১৬৬ গ্রাম। দাম অর্ধ কোটি টাকা। ভারতে পাচারের জন্য সোনাগুলো  সীমান্তে নেওয়া হচ্ছিল। আটক যুবক এ চালানের বাহক মাত্র। তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে। ওই সোনার আসল মালিককে খুঁজে বের করার দায়িত্ব এখন পুলিশের বলেও অধিনায়ক জানান।

আটক মিথুন শার্শার পুটখালী গ্রামের মুস্তাবের ছেলে।

বিজিবি জানায়, বেনাপোল বন্দর থানায় চোরাচালানের একটি মামলা দায়ের করে মিথুনকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। উদ্ধার করা সোনা সরকারি রাজস্ব শাখায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।