শার্শার ১৮২ জনের ভিক্ষা না করার প্রতিশ্রুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের শার্শা উপজেলাকে ভিক্ষুকমুক্ত ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার দুপুরে এক অনুষ্ঠানে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ এ ঘোষণা দেন। অনুষ্ঠানে পুনর্বাসনের অংশ হিসেবে শার্শার ১৮২ জন ভিক্ষুককে বিভিন্ন উপকরণ দেওয়া হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুস সালাম বলেন, ওই ১৮২ জনকে ১০ লাখ টাকা মূল্যমানের বিভিন্ন আয়বর্ধক উপকরণ তুলে দেওয়া হয়েছে। তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন, আর কোনো দিন ভিক্ষাবৃত্তিতে জড়াবেন না।
অনুষ্ঠানে ২২ জনকে ভ্যান, ১০৫ জনকে ছাগল, ১৯ জনকে সেলাই মেশিন, ১৬ জনকে ঘরসহ ১০টি করে হাঁস-মুরগি, ১২ জনকে চা বিক্রির সরঞ্জাম ও ৬ জনকে ওজন মাপার ডিজিটাল যন্ত্র দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার আবদুস সামাদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ প্রকল্পের আওতায় ভিক্ষুকমুক্ত করার এ কর্মসূচি নেওয়া হয়েছে। শার্শায় আমরা আর কোনো ভিক্ষার হাত দেখতে চাই না। প্রত্যেককে কর্মক্ষম দেখতে চাই।’
যশোরের জেলা প্রশাসক হুমায়ুন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার আনিসুর রহমান ও শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল ইসলাম। বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান ও আলেয়া ফেরদৌস, জেলা পরিষদের সদস্য ইব্রাহীম খলিল প্রমুখ।