শার্শায় খুন ও অস্ত্র মামলার আসামিরা প্রার্থী!
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে যশোরের শার্শা উপজেলার ১১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন আওয়ামী লীগের দলীয় টিকিট পেয়েছেন। এর মধ্যে চারজন চাঞ্চল্যকর চার খুন ও একজন সাংসদের গাড়িবহর থেকে অস্ত্র উদ্ধার মামলার আসামি। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হক ও সাধারণ সম্পাদক আনোয়ার আলী স্বাক্ষরিত ‘প্রার্থী চূড়ান্ত চিঠি’ প্রার্থীদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। যদিও ইউপি নির্বাচনে দলীয় সমর্থনের কোনো বিধান নেই।খুন ও অস্ত্র মামলার আসামিরা প্রার্থী হওয়ায় সাধারণ মানুষ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছেন। নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে অন্য প্রার্থীরাও আছেন সংশয়ে।চেয়ারম্যান প্রার্থী উপজেলার উলাসী ইউনিয়নের আইনাল বাহিনীর প্রধান আইনাল হোসেন। তাঁর নামে শার্শা থানায় দুটি খুন, তিনটি অস্ত্র ও মাদকসহ মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে বিশেষ ক্ষমতা আইনে মাদকের একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও রয়েছে। দলীয় চিঠি পাওয়ার কথা স্বীকার করে আইনাল হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘ওসব ছেড়ে আমি তো হজ করে আইছি। আমি তো এখন আলহাজ।’ তাঁর বিরুদ্ধে এখন মাত্র দুটি মামলা রয়েছে। অন্য সব মামলা খারিজ হয়ে গেছে বলে দাবি করেন তিনি।বাগআঁচড়া ইউপির চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগের কর্মী ইলিয়াস কবির ওরফে বকুল। এই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে বাবু হত্যা মামলায় তিনি আসামি। পুলিশের অভিযোগপত্রেও (চার্জশিট) তাঁর নাম রয়েছে।মাস ছয়েক আগে খুন হওয়া উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কামরুজ্জামান ওরফে রতন হত্যা মামলার এক নম্বর আসামি আবদুল খালেক এবার ডিহি ইউনিয়ন থেকে প্রার্থী হয়েছেন। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন।আবদুল খালেকসহ মামলার এজাহারভুক্ত নয় আসামির নাম বাদ দিয়ে শার্শা থানার পুলিশ ইতিমধ্যে অভিযোগপত্র আদালতে পাঠিয়েছে। আবদুল খালেক বলেন, ‘রতন হত্যা মামলায় আমাকে জড়িয়ে যারা আদালতে স্বীকারোক্তি দিয়েছে, তাদের কেউ আমাকে চেনে না। আমিও তাদের চিনিনে।’পৌরসভা নির্বাচনের সময় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) একটি দল স্থানীয় সাংসদ শেখ আফিল উদ্দীনের গাড়িবহরে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে। তখন গাড়িতে ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় র্যাব-৬-এর পক্ষ থেকে সোহরাব হোসেনকে আসামি করে শার্শা থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়। সোহরাব হোসেন আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়ে শার্শা সদর ইউনিয়ন থেকে প্রার্থী হয়েছেন। সোহরাব হোসেন দাবি করেন, আওয়ামী লীগের একটি অংশ ষড়যন্ত্র করে তাঁকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দিয়েছে।১৮ বছর আগে যশোর আদালত প্রাঙ্গণে শার্শার বাগআঁচড়া এলাকার আকবর আলী নামের এক ব্যক্তি খুন হন। বেনাপোলের পুটখালী ইউপির চেয়ারম্যান প্রার্থী আবদুর রাজ্জাক ওই হত্যা মামলার আসামি। আদালত ওই মামলায় আবদুর রাজ্জাককে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। আবদুর রাজ্জাক বলেন, ‘আকবর হত্যা মামলায় আট বছর আগে আমিসহ মামলার ছয়জন উচ্চ আদালত থেকে জামিন নিয়েছি।’শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হক প্রথম আলোকে বলেন, ‘খুনের মামলার আসামি হলেও কারও তো সাজা হয়নি। এ জন্য তাঁদের দলীয় প্রার্থী হিসেবে চিঠি দেওয়া হয়েছে।’যশোর জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, নির্দলীয় ইউপি নির্বাচনে দলীয় প্রার্থী দেওয়া বিধিবহির্ভূত। সন্ত্রাসীদের প্রার্থী ঘোষণার ব্যাপারে তিনি বলেন, নিয়ম অনুযায়ী ‘ন্যূনতম দুই বছর সাজা হলে কেউ প্রার্থী হতে পারবেন না।’ তবে কারও বিরুদ্ধে কোনো মামলা থাকলে মনোনয়নপত্রে তা উল্লেখ করতে বলা হয়েছে।