শার্শায় গাড়ির ধাক্কায় শিক্ষক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা ওয়াসার একটি গাড়ির ধাক্কায় যশোরের শার্শা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিরঞ্জন কুমার আঢ্য (৫৫) নিহত হয়েছেন। গতকাল রোববার সকাল সাড়ে আটটার দিকে যশোর-বেনাপোল আঞ্চলিক মহাসড়কের শার্শা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিরঞ্জন শার্শা উপজেলার শার্শা গ্রামের উপেন্দ্রনাথ আঢ্যের ছেলে। তাঁর পৈতৃক বাড়ি নড়াইল জেলায়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, নিরঞ্জন সকালের প্রাতর্ভ্রমণ শেষে শার্শা বাজারসংলগ্ন রাস্তার পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় মাটিবাহী একটি ট্রাক ও ঢাকা ওয়াসার একটি গাড়ি দ্রুতগতিতে বেনাপোলের দিকে যাচ্ছিল। সামনে থাকা মাটিবাহী ট্রাকের চালক সিগন্যাল না দিয়ে রাস্তার ডানে মোড় নেন। এতে পেছনে থাকা ওয়াসার গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। তখন ওই গাড়ির পেছনের অংশের সঙ্গে দাঁড়িয়ে থাকা শিক্ষক নিরঞ্জনের শরীরে আঘাত লাগে। গুরুতর আহত অবস্থায় তাঁকে শার্শার নাভারন স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর তিনি মারা যান।
এ ব্যাপারে শার্শা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আমির-উজ-জামান বলেন, মাটিবাহী ট্রাকটি আটক করা যায়নি। ঢাকা ওয়াসার গাড়িটি জব্দ করা হয়েছে। এর চালক পালিয়ে গেছেন।