শার্শায় তরুণী ধর্ষণের শিকার, যুবক গ্রেপ্তার
যশোরের শার্শা উপজেলায় এক তরুণীকে আটকে রেখে জোর করে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। বেনাপোল বন্দরসংলগ্ন পেট্রলপাম্পের পাশের একটি বাড়ি থেকে বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে গতকাল শুক্রবার সকালে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠায়।
ওই ঘর থেকে সোহাগ (২৫) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোহাগ শার্শা উপজেলার ভবারবেড় গ্রামের বাসিন্দা। তিনি ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তাঁর বিরুদ্ধে ওই তরুণী বেনাপোল থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, সোহাগ ও তাঁর দুই সহযোগী বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জোর করে তরুণীকে বাড়ি থেকে তুলে নিয়ে যান। পাশের গ্রামের এক বাড়িতে নিয়ে ধর্ষণ করে তাঁকে আটকে রাখা হয়। তরুণীর পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাঁকে পায়নি। এদিকে যে বাড়িতে নিয়ে তরুণীকে ধর্ষণ করা হয়, ওই বাড়ির আশপাশের লোকজনের সন্দেহ হলে বিষয়টি পুলিশকে জানানো হয়। রাত আড়াইটার দিকে পুলিশ ওই বাড়ি থেকে তরুণীকে উদ্ধার এবং ধর্ষণকারী সোহাগকে গ্রেপ্তার করে।
বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, সোহাগকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে চাঁদাবাজিরও একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।