শার্শায় পাঁচটি সোনার বারসহ ভারতীয় নাগরিক আটক
যশোরের শার্শা উপজেলার ঘীবা সীমান্ত এলাকা থেকে ৬০০ গ্রাম সোনাসহ পুতুল (৩৫) নামে ভারতীয় এক নারীকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) জওয়ানরা তাঁকে আটক করে পুলিশে দেয়। পুতুল পশ্চিমবঙ্গের বনগাঁ সদর থানার চড়ুইগাছ গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, সকাল ১০টার দিকে ঘীবা এলাকার একটি বোরো খেতের জমির আল দিয়ে এক নারী সীমান্তের কাঁটাতারের বেড়ার দিকে যাচ্ছেন। গতিবিধি সন্দেহজনক দেখে বিজিবির জওয়ানেরা তাঁকে জিজ্ঞাসা করলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় ওই নারীকে আটক করে তাঁর কাছ থেকে পাঁচটি সোনার বার (বিস্কুট) উদ্ধার করা হয়।
২৬ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মতিউর রহমান বলেন, উদ্ধার হওয়া সোনার বারের দাম ৫০ লাখ টাকা নির্ধারণ করে সরকারি ট্রেজারি শাখায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। ওই নারী সোনা পাচারকারী চক্রের সদস্য। তাঁকে পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও তিনি জানান।
বিবিজির নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, কাঁটাতারের গেট পার হয়ে ভারতীয় নাগরিকেরা ঘীবা এলাকার অরক্ষিত ভারতীয় জমিতে কাজ করতে আসেন। এ সময় একই সঙ্গে ভারত ও বাংলাদেশি শ্রমিকেরা ওই জমিতে কাজ করেন। ফেরার সময় বিজিবির চোখ ফাঁকি দিয়ে ভারতীয়রা সে দেশের বাজারে দাম বেশি এমন পণ্য নিয়ে যান। এর মধ্যে সোনাও আছে।