শার্শায় যুবলীগ নেতা খুনের নেপথ্যে দলীয় কোন্দল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন যশোরের শার্শা উপজেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক কামরুজ্জামান ওরফে রতন। এ কারণে আওয়ামী লীগের একটি অংশ গত রোববার রাতে কামরুজ্জামানকে পরিকল্পিতভাবে জবাই করে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া শার্শা উপজেলার শাড়াতলা বাজারে চাঁদাবাজি বন্ধের চেষ্টা চালাচ্ছিলেন কামরুজামান। এ কারণে সংগঠনের প্রতিপক্ষের হাতে তিনি খুন হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। কামরুজ্জামান হত্যার ঘটনায় গত রোববার রাতভর অভিযান চালিয়ে পুলিশ ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল খালেক, দপ্তর সম্পাদক ও ডিহি ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল জলিল, আওয়ামী লীগের সমর্থক তেবাড়িয়া গ্রামের চান মিয়া এবং কৃষ্ণপুর গ্রামের যুবলীগের কর্মী শাহিন ও নয়নকে গ্রেপ্তার করেছে।নিহতের ভাই ডিহি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ওই পাঁচজনসহ আটজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে গতকাল সোমবার শার্শা থানায় মামলা করেছেন।নিহত কামরুজ্জামানের ভাই জাহাঙ্গীর আলম অভিযোগ করেন, ‘আওয়ামী লীগের নেতা আবদুল খালেক ও আবদুল জলিল ধারণা করেছিলেন, এবারের ইউপি নির্বাচনে কামরুজ্জামানই হবে আওয়ামী লীগের প্রার্থী। এ জন্য তাঁরা অত্যন্ত পরিকল্পিতভাবে কামরুজ্জামানকে খুন করেন।’ জাহাঙ্গীর বলেন, ‘দলীয় কোন্দলের কারণে আমার ভাই খুন হলো। কোন্দলের এই রাজনীতি আমার দরকার নেই।’উপজেলা যুবলীগের সভাপতি অহিদুজ্জামান বলেন, কামরুজ্জামান যুবলীগের রাজনীতি করলেও ইউনিয়নে আওয়ামী লীগের রাজনীতি তিনিই নিয়ন্ত্রণ করতেন। এ জন্য ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। অন্যদের সঙ্গে তাঁর দ্বন্দ্ব থাকলেও তা খুন হওয়ার মতো ছিল না।যোগাযোগ করা হলে যশোর-১ আসনের আওয়ামী লীগের সাংসদ শেখ আফিল উদ্দীন প্রথম আলোকে বলেন, দলের ভেতরে ভেতরে কোন্দল থাকতে পারে। দলীয় কোন্দলে রতন খুন হয়েছেন কি না জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করেননি।যশোরের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (ক-সার্কেল) এস এম শফিউল্লাহ বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্বশত্রুতার কারণে কামরুজ্জামান খুন হয়েছেন। তবে পুরোপুরি তদন্ত না করে এ ব্যাপারে কিছু বলা সম্ভব নয়। শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘এজাহারভুক্ত আসামিদের সঙ্গে শাড়াতলা বাজারের আধিপত্য নিয়ে কামরুজ্জামানের বিরোধ ছিল বলে জানতে পেরেছি। ওই কারণে তিনি খুন হতে পারেন।’এর আগে গত ১৪ মার্চ আওয়ামী লীগের কোন্দলে যশোর সদর উপজেলার জামতলা এলাকায় খুন হন সদর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক রিপন হোসেন ওরফে দাদা রিপন। এর এক মাস পর ১৯ এপ্রিল শহরের লালদীঘির পাড়ে খুন হন যশোর জেলা তরুণ লীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান ওরফে বাঁশি রিপন।