শালবন বৌদ্ধবিহার এলাকায় কূপের সন্ধান
কুমিল্লার কোটবাড়ির ময়নামতি জাদুঘর লাগোয়া শালবন বৌদ্ধবিহার এলাকায় খনন করে গত রোববার দেখা মিলল অষ্টম শতকের একটি কূপের।
মূল মন্দিরের উত্তর-পূর্ব কোণে খনন করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কর্মীরা এর সন্ধান পান।
ধারণা করা হচ্ছে, ওই কূপ থেকে পানি নিয়েই মন্দিরের ভিক্ষুরা পিপাসা মেটাতেন। দেব বংশের চতুর্থ রাজা শ্রী ভবদেব অষ্টম শতকে ওই কূপ নির্মাণ করেন।
সোমপুর (পাহাড়পুর) বিহার ও মহাস্থানগড়ের পর কুমিল্লায় প্রথম প্রত্ন খননে বেরিয়ে এল এই কূপ। একই সঙ্গে পাওয়া গেল ময়ূর, সিংহ, খরগোশের প্রতিকৃতিসংবলিত টেরাকোটা ও পোড়া মাটির ফলক। নতুন কূপ দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন পর্যটকেরা।
এদিকে গতকাল বুধবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ওই কূপ পরিদর্শন করেন।
প্রত্নতত্ত্ব অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক মিজানুর রহমান বলেন, ১৯৫৫ সালে প্রত্নসম্পদে ভরপুর কোটবাড়ি এলাকার শালবন বৌদ্ধবিহার খননকাজ শুরু হয়।
এরই ধারাবাহিকতায় ১ নভেম্বর থেকে মূল বৌদ্ধবিহারের (মন্দিরের) উত্তর-পূর্ব কোণে পাঁচ বর্গমিটার আয়তনের ২১টি স্থানে খননকাজ শুরু হয়। গত রোববার সেখানকার একটি স্থানে ইট ও কাদামাটি দিয়ে তৈরি কূপের সন্ধান পাওয়া যায়। কূপটির ব্যাসার্ধ ১১ ফুট চার ইঞ্চি। আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ওই এলাকার খননকাজ চলবে।
খননকাজে জড়িত রয়েছেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক পরিচালক মো. মিজানুর রহমান, চট্টগ্রামের জাতিতাত্ত্বিক জাদুঘরের সহকারী পরিচালক লাভলী ইয়াসমিন, ময়নামতি জাদুঘরের কাস্টোডিয়ান আহমেদ আবদুল্লাহ ও প্রত্নতত্ত্ব কর্মকর্তা হাফিজুর রহমানের নেতৃত্বে আট সদস্যের একটি দল। এ ছাড়া ৪৫ জন শ্রমিক প্রতিদিন খননকাজে জড়িত রয়েছেন।