শালিকের স্নেহে কোকিল ছানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শালিকের পাশে ক্ষুধার্ত কোকিল ছানা l ছবি: প্রথম আলো
শালিকের পাশে ক্ষুধার্ত কোকিল ছানা l ছবি: প্রথম আলো

ময়মনসিংহের নান্দাইল উপজেলার খামারগাঁও গ্রামের সরকার বাড়ির উঠানে একটি তেজপাতাগাছ। গাছটির উঁচু একটি ডালে শালিকের বাসা। সেই বাসায় দুটি ছানা। কিন্তু সেগুলো শালিকের নয়, কোকিলের। এদের খাবার সংগ্রহে ব্যতিব্যস্ত শালিক দুটি।
সরকার বাড়ির প্রবাল কান্তি মজুমদার বলেন, তাঁদের মনে হয়েছিল অন্য কোনো পাখি শালিকের বাসায় আক্রমণ চালিয়েছে। কিন্তু কাছ থেকে দেখে তাঁর ভড়কে যান। খাবারের জন্য যে দুটি ঠোঁট হাঁ করে আছে, সে দুটি শালিকের নয়, কোকিলের ছানা।
গতকাল রোববার দেখা যায়, প্রাপ্তবয়স্ক শালিক দুটির চেয়ে কোকিল ছানা দুটি বড়। একটি ছানার রং পুরোপুরি কালো। অন্যটির শরীরে সাদা দাগ আছে। বাড়ন্ত ছানার খাবার জোগাতে ব্যস্ত শালিক দুটি। পালা করে শালিক দুটি খাবার সংগ্রহ করতে উড়াল দিচ্ছে। ঠোঁটে করে আনা খাবার কোকিল ছানার মুখে তুলে দিলেও তাতে তাদের ক্ষুধা মিটছে না। তাই ক্ষুধার্ত ছানাদের সামাল দিতে দিনভর ছোটাছুটি করছে শালিকগুলো। এ দৃশ্য দেখতে আশপাশের লোকজন ভিড় করছে। বাড়ির লোকজন বলেন, তাঁরা ১০ দিন ধরে রুটি, বিস্কুট ও বিভিন্ন খাবার গাছের নিচে ছড়িয়ে রাখছেন। এতে শালিকের শ্রম কিছুটা হলেও লাঘব হচ্ছে।
খামারগাঁও সরকার বাড়ির হিমাংশু জ্যোতি মজুমদার বলেন, ‘এত দিন জেনে এসেছি, কাকের বাসায় কোকিল ডিম পাড়ে। কাক সেই ডিমে তা দিয়ে বাচ্চা ফোটানোর পর এদের কয়েক দিন লালনপালন করে। দুটি শালিকের তাদের চেয়ে বড় আকৃতির কোকিলের ছানাকে খাওয়ানোর অবিরাম চেষ্টা বিরল ঘটনা।’