শালিখা থেকে নয় মাসে নয়জন চিকিৎসক বদলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামে থেকে স্বাস্থ্যসেবা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ থাকার পরও চিকিৎসকেরা তদবির করে শহরের হাসপাতালগুলোতে বদলি হয়ে চলে যাচ্ছেন। মাগুরার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে গত নয় মাসে নয়জন চিকিৎসক বদলি হয়েছেন। এ কারণে এখন এখানে ২০ জন চিকিৎসকের জায়গায় আছেন মাত্র তিনজন। অল্প সময়ে অধিকসংখ্যক চিকিৎসক বদলি হয়ে যাওয়ায় এখানে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। চিকিৎসকসংকটের কারণে প্রসূতি ও শিশুসেবা কার্যক্রম (ইওসি) বন্ধ রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মাঠপর্যায়ে চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকার সারা দেশে জরুরিভাবে অস্থায়ী ভিত্তিতে (অ্যাডহক ভিত্তিতে) চিকিৎসক নিয়োগ দিয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী নিয়োগ পাওয়া এসব চিকিৎসককে কমপক্ষে দুই বছর গ্রামপর্যায়ে থেকে চিকিৎসাসেবা দেওয়ার কথা। কিন্তু তাঁরা এ নির্দেশনা অমান্য করে গ্রামপর্যায়ে না থেকে বদলি হয়ে শহরের হাসপাতালগুলোতে চলে যাচ্ছেন।স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত বছরের জুলাই মাসে শালিখায় অ্যাডহক ভিত্তিতে পাঁচজন চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়। কিন্তু এখন তাঁদের মধ্যে মাত্র একজন তাপস বিশ্বাস ছটুখালী ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে কর্মরত আছেন। বাকি চারজনের মধ্যে আশফিকুন্নাহার এখানে যোগ না দিয়েই অন্যত্র বদলি হয়েছেন। শিবেন্দ্রনাথ মিস্ত্রি যোগ দেওয়ার দুই মাস পর খুলনায়, বিশ্বজিৎ মণ্ডল চার মাস পর ও পার্থ ঘোষ নয় মাসের মধ্যে ঢাকায় বদলি হয়ে যান। একই সময়ে বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ পাঁচজন চিকিৎসককে শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে শাহিদুল হাসান মল্লিক যোগ দেননি এবং কানিজ ফাতেমা তিন মাস ও মাহমুদা খানম চার মাসের মধ্যে ঢাকায় বদলি হয়ে গেছেন। এ সময়ে আবদুল লতিফ এবং কামরুজ্জামান উচ্চশিক্ষার জন্য বিদেশে গেছেন। স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ইওসি কার্যক্রমের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অবেদনবিদ ওহিদুজ্জামান গত বছরের ২১ জুলাই যশোর সদর এবং স্ত্রীরোগ চিকিৎসক শম্পা বিশ্বাস মাগুরা সদর হাসপাতালে এ বছরের ৩১ জানুয়ারি বদলি হয়ে গেছেন। তাঁরা বদলি হওয়ায় চার মাস ধরে প্রসূতিসেবা কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে।খোঁজ নিয়ে জানা যায়, শালিখা স্বাস্থ্য কমপ্লেক্সে নয়জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ২০ জন চিকিৎসকের পদ রয়েছে। অথচ এখানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ কর্মরত আছেন মাত্র তিনজন। তাঁরা হচ্ছেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মোসলেম উদ্দিন, ডেন্টাল সার্জন শের আলী ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুস সালাম। এখানে প্রতিদিন গড়ে ১০০-১৫০ জন রোগী বহির্বিভাগে সেবা নেয়। পাশাপাশি অন্তর্বিভাগে গড়ে প্রতিদিন ৩০ থেকে ৩৫ জন রোগী ভর্তি থাকে। সিভিল সার্জন মো. শফিকুল আলম বলেন, ‘চিকিৎসকদের মাঠপর্যায়ে থেকে দুই বছর চিকিৎসাসেবা দেওয়ার প্রধানমন্ত্রীর নির্দেশনা থাকলেও দেখা যাচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রতিমাসেই কারও না কারও বদলির আদেশ আসছে। এ ক্ষেত্রে আমাদের কিছুই করার থাকে না।’