শালিখায় আ.লীগের দুই পক্ষে সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলার বলাই নাঘোষা গ্রামে গতকাল মঙ্গলবার আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ইখতিয়ার হোসেন (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে ২০ জন আহত হন। আহত তিনজনের অবস্থা গুরুতর।পুলিশ ও আহত ব্যক্তিরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বলাই নাঘোষা গ্রামের জাফর মোল্লার সঙ্গে সবুর মুসল্লির দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাঁরা দুজন স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের দুই পক্ষে নেতৃত্ব দেন। জাফরকে সমর্থন দেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুজ্জামান। সবুর স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীরেন শিকদারের সমর্থনপুষ্ট। গত মাসের দ্বিতীয় সপ্তাহে সবুরের পক্ষের কর্মী জালাল হোসেন প্রতিপক্ষের হামলায় আহত হন। ওই ঘটনায় শালিখা থানায় মামলা হয়। এরপর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গতকাল সকাল নয়টার দিকে বিবদমান দুই পক্ষ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে স্থানীয় শাবলাট-তিলখড়ি ফসলের মাঠে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান জাফরের পক্ষের ইখতিয়ার হোসেন। এ ছাড়া উভয় পক্ষের ২০ জন আহত হন। ১৪ জনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে লতিফ মোল্লা (৬০) নামের একজনকে গুরুতর অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। এ ছাড়া শহীদ মোল্লা (৪০) ও সাত্তার মোল্লা (৫৫) নামে দুজনের অবস্থাও গুরুতর।শালিখা থানার উপপরিদর্শক (এসআই) শেখ ইকবাল হোসেন জানান, ওই ঘটনায় এখনো মামলা হয়নি।