শালিখায় কালভার্ট ভেঙে জনদুর্ভোগ
মাগুরার শালিখা উপজেলার হরিশপুরে একটি কালভার্ট ভেঙে পড়েছে। এতে সীমাখালী-কাদিরপাড়া ভায়া হরিশপুর সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছে এ পথে চলাচলকারীরা। প্রায় চার মাস আগে এ সড়কপথে ভারী যানবাহন চলাচলের কারণে ওই কালভার্টটি ভেঙে পড়ে।
মাগুরা সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, অতিরিক্ত মালবোঝাই দুটি ট্রাক পারাপারের সময় গত ১৩ ফেব্রুয়ারি মাগুরা-যশোর মহাসড়কের শালিখার সীমাখালীতে চিত্রা নদীর ওপর নির্মিত লোহার সেতুটি ভেঙে যায়। এতে এ সড়কপথে সব রকম যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম দুর্ভোগে পড়ে এ সড়কপথে চলাচলকারীরা। তাদের ঝিনাইদহ হয়ে প্রায় ৩০ কিলোমিটার পথ ঘুরে যশোর যেতে হয়। পরে সওজ বিভাগ ভেঙে পড়া সেতুর পাশে প্রায় চার কোটি টাকা ব্যয়ে দুটি লোহার সেতু নির্মাণ করে। গত ঈদের চার দিন আগে সেতু দুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়।
স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, সীমাখালীর ওই সেতুটি ভেঙে পড়ায় যানবাহনগুলো বিকল্প হিসেবে সীমাখালী-কাদিরপাড়া ভায়া হরিশপুর এবং সীমাখালী-হাজরাহাটি সড়কটি ব্যবহার করে। এতে কিছুদিনের মধ্যেই সড়কটি ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়ে। সড়কের হরিশপুর এলাকার কালভার্টটিও ভেঙে যায়। ফলে চরম দুর্ভোগে পড়ে এ পথে নিয়মিত চলাচলকারীরা।
হরিশপুর গ্রামের কলেজশিক্ষক কাজী হুমায়ূন ইউসুফ প্রথম আলোকে বলেন, ‘সীমাখালীর সেতু ভাঙার পর এ রাস্তায় ভারী যানবাহন চলে। ৩০ থেকে ৪০ মেট্রিক টন মালবোঝাই ট্রাকও চলেছে। যে কারণে ওই কালভার্ট ও রাস্তা ভেঙে গেছে। কালভার্টটি দ্রুত ঠিক করা দরকার। না হলে ওই পথে চলাচল করতে গিয়ে যেকোনো সময় সেখানে লোকজন পড়ে মারা যেতে পারে। ঝুঁকি নিয়ে লোকজন ওই পথে চলাচল করছে। আমি ইউএনওকে বিষয়টি জানিয়েছি।’
স্থানীয় শতখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন বলেন, কালভার্টটি ভেঙে যাওয়ায় মানুষ চমর দুর্ভোগে পড়েছে। রাতে অচেনা-অজানা মানুষ ওই রাস্তায় গেলে নিশ্চিত দুর্ঘটনা ঘটবে। প্রায় চার মাস হলো কালভার্টটি ভেঙে গেছে। অথচ এখনো নতুন কালভার্ট তৈরির কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ওখানে দ্রুত নতুন কালভার্ট নির্মাণ করতে হবে।
মাগুরা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী ইফতেখার আলী বলেন, সীমাখালীর সেতুটি ভেঙে পড়ায় যানবাহনগুলো বিকল্প হিসেবে সীমাখালী-কাদিরপাড়া ভায়া হরিশপুর এবং সীমাখালী-হাজরাহাটি সড়কটি ব্যবহার করে। এতে হরিশপুর এলাকায় ওই কালভার্টটি এবং ওই সড়ক অনেক ক্ষতিগ্রস্ত হয়। কালভার্টটির ৭৫ শতাংশই ভেঙে গেছে।
ইফতেখার আলী বলেন, ‘ওই সড়ক সংস্কার ও কালভার্ট নির্মাণের জন্য আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প পাঠিয়েছি। আশা করছি, ডিসেম্বরের মাঝে কাজ হয়ে যাবে। আমরা ওখানে একটি বক্স কালভার্ট করব। সে পর্যন্ত মানুষের দুর্ভোগ লাঘবের কোনো পথ দেখছি না।’