শালিখায় জামায়াত নেতা, ঝালকাঠিতে শিবিরের পাঁচ কর্মী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখা উপজেলার শতখালি ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আতিয়ার রহমানকে গতকাল মঙ্গলবার গ্রেপ্তার করেছে পুলিশ৷
একই দিন ঝালকাঠি শহরের বাসন্ডা এলাকার একটি বাড়ি থেকে ছাত্রশিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে৷
পুলিশের ভাষ্যমতে, জামায়াত নেতা আতিয়ার রহমানকে (৪০) গতকাল বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ শতখালি গ্রাম থেকে গ্রেপ্তার করে৷
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ দাবি করেন, আতিয়ার রহমানের বিরুদ্ধে নাশকতা সৃষ্টি ও পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগে পাঁচটি মামলা রয়েছে৷ এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে৷
ঝালকাঠি থানা সূত্রে জানা গেছে, গতকাল বেলা দুইটার দিকে একদল পুলিশ বাসন্ডা গ্রামের মাওলানা জাকির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে শিবিরের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করে।
এ সময় ওই বাড়ি থেকে সাতটি ইসলামি জিহাদি বইও জব্দ করা হয়৷ গ্রেপ্তার হওয়া পাঁচজন হলেন ইমরান হোসেন, এনামুল হক, হাবিবুর রহমান, নিজাম উদ্দীন ও তৌহিদ হোসেন৷
এঁদের মধ্যে প্রথম চারজন নেছারাবাদ কামিল মাদ্রাসার ইসলামিক স্টাডিজ ও আল-কোরআন বিভাগের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্র৷ অপর জন শহরের ইসলামি সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে এ বছর দাখিল পাস করেছে৷
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শীলমণি চাকমা জানান, শিবিরের পাঁচ কর্মীকে গতকাল বিকেলে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাঁদের কারাগারে পাঠিয়েছেন৷
গ্রেপ্তার হওয়া ইমরান হোসেন বলেন, ‘আমরা ওই বাড়িতে তৌহিদ হোসেনের কাছে শুদ্ধভাবে কোরআন শরিফ পড়ার তালিম নিচ্ছিলাম৷ হঠাৎ পুলিশ সেখান থেকে আমাদের ধরে থানায় নিয়ে আসে।’