শালিখায় প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার শালিখায় প্রতিপক্ষের হামলায় মুনতাজ মোল্লা (৩০) নামের এক ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছে।গতকাল সোমবার সকালে উপজেলার কুশখালি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে বিরোধ ও স্থানীয় পর্যায়ে আধিপত্য নিয়ে ওই গ্রামে আওয়ামী লীগের স্থানীয় সাংসদ বীরেন শিকদার ও প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সাইফুজ্জামান শিখরের বড় ভাই শফিকুজ্জামানের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে সাইফুজ্জামান পক্ষের কয়েকজন সমর্থক বীরেন শিকদারের পক্ষের গোলাম সরোয়ারের বাড়ির সামনে গিয়ে প্রতিপক্ষকে উদ্দেশ করে গালাগাল ও উসকানিমূলক কথাবার্তা বলে।এ সময় গোলাম সরোয়ারের ভাতিজা আতর আলীসহ অন্য লোকজন তাদের প্রতিরোধ করতে এগিয়ে এলে উভয় পক্ষের মধ্যে মারামারি বাধে। একপর্যায়ে প্রতিপক্ষের লাঠির আঘাতে মুনতাজ মোল্লা ঘটনাস্থলে মারা যান। এ সময় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হয়। আহত ব্যক্তিদের মধ্যে আবুল বাসার, খলিল মোল্লা, ফারুক আহমেদ ও মতিয়ার মোল্লাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ঘটনার সত্যতা নিশ্চিত করে গতকাল দুপুরে শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করা হয়েছে।