মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া আইডিয়াল স্কুলমাঠে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে। এতে উপজেলার ইউনিয়নভিত্তিক সাতটিসহ মোট আটটি দল অংশ নিচ্ছে।
উপজেলা ক্রীড়া সংস্থা আয়োজিত এ টুর্নামেন্টের গতকাল বিকেলে উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। তিনি বলেন, ক্রীড়াকে গতিশীল করতে দেশের ১৩১টি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মিত হচ্ছে। এসব স্টেডিয়ামে প্রতিদিন খেলাধুলার আয়োজন থাকবে। এর ফলে যুবকেরা ক্রীড়ামুখী হবে। এ ছাড়া দেশের ৪৯০টি উপজেলায় পর্যায়ক্রমে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমি মজুমদার। বক্তব্য দেন জাতীয় ক্রীড়া পরিদপ্তরের পরিচালক আমিনুল ইসলাম, উপপরিচালক নাজমুল হাসান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, প্রমুখ।
টুর্নামেন্টে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদভিত্তিক দল ও আড়পাড়া বাজার বণিক সমিতি দল অংশ নিচ্ছে। গতকালের উদ্বোধনী খেলাটি অনুষ্ঠিত হয় আড়পাড়া ইউপি দল ও আড়পাড়া বাজার বণিক সমিতি দলের মধ্যে। খেলায় আড়পাড়া ইউপি দল ১-০ গোলে জয়ী হয়।