শালিখায় লালন স্মরণোৎসবে হামলার ঘটনায় গ্রেপ্তার ৩
মাগুরার শালিখা উপজেলায় লালন স্মরণোৎসব অনুষ্ঠানে হামলার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পুলুম গ্রামের দুলাল ভূঁইয়া (৪৫), মধুখালী গ্রামের হাবিবুর রহমান (৫২) ও শাহিনুর রহমান (৩২)।শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শামসুল হক জানান, রোববার রাতে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনজনই ওই ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি।ফকির লালন শাহ স্মরণে শালিখার পুলুম গ্রামের মাঠে গত শুক্র ও শনিবার দুই দিনব্যাপী লালন স্মরণোৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষদিন রাতে এক আলোচকের কিছু ধর্মীয় বক্তব্য নিয়ে সেখানে উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ কিছু লোকজন চেয়ার-বেঞ্চ ও মাইক ভাঙচুর করে। এ সময় হুড়োহুড়িতে একজন বাউল ও আয়োজকদের একজন সামান্য আহত হন। পরে পুলিশ অনুষ্ঠানটি বন্ধ করে দেয়।ওই ঘটনায় ফকির আজিবর চিশতি নামের এক ব্যক্তি ২১ জনকে আসামি করে শালিখা থানায় মামলা করেন।