শালিখায় স্বেচ্ছাশ্রমে তৈরি হলো ‘স্বপ্নের সেতু’
মাগুরার শালিখা উপজেলার বরইচারায় ফটকী নদীর ওপর স্থানীয় জনগণের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে তৈরি হয়েছে বাঁশের সেতু। গতকাল বৃহস্পতিবার বিজয়া দশমীতে ঢাকঢোল, বাঁশি বাজিয়ে এলাকাবাসীর স্বপ্নের এই সেতুটি জনগণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। স্থানীয় লোকজন জানান, মাগুরা সদর ও শালিখা উপজেলার সীমান্তে ফটকী নদীর আশপাশের নয় গ্রামের ২০ সহস্রাধিক মানুষ ওই নদীর ওপর দীর্ঘদিন ধরে একটি সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছিলেন। স্থানীয় জনপ্রতিনিধিরা বহুবার সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু কেউ কথা রাখেননি।এলাকার পাঁচ সহস্রাধিক মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে বরইচারা এলাকায় বাঁশের সাঁকো দিয়ে বা ছোট নৌকায় এত দিন ফটকী নদী পার হতেন। নদীর দুই পাশে রয়েছে শালিখা উপজেলার বরইচারা ও ধাওয়াসীমা এবং সদর উপজেলার উত্তর ধর্মসীমা, আস্বা, কলইডাঙা, বড়শলই, শ্রীকান্তপুর, বাটিকাবাড়ি ও চাপড়া গ্রাম। বরইচারায় একটি মাধ্যমিক এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এলাকার সবচেয়ে বড় বাজারটি বরইচারা গ্রামে। তাই নানা কারণে প্রতিদিন অন্তত পাঁচ হাজার মানুষকে ফটকী নদী পার হতে হয়। সহস্রাধিক শিক্ষার্থী ঝুঁকি নিয়ে স্কুলে যাতায়াত করে। বর্ষাকালে মানুষের ভোগান্তি চরমে পৌঁছায়। স্থানীয় লোকজন জানান, বরইচারায় নদী পার হওয়ার সময় গত ১৪ সেপ্টেম্বর ৫০ জন যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে যায়। ওই দুর্ঘটনা সবাইকে চিন্তিত করে তোলে। একপর্যায়ে ধাওয়াসীমা গ্রামের চিত্তরঞ্জন বিশ্বাস (৫৮) বরইচারায় ফটকী নদীর ওপর ‘বাঁশের সেতু’ নির্মাণের উদ্যোগ নেন। সবাইকে সংগঠিত করেন। সামর্থ্য অনুযায়ী কেউ বাঁশ, কেউ অর্থ ও শ্রম দিয়ে সহযোগিতা করেন। তাঁরা টানা তিন দিন সকাল-সন্ধ্যা কাজ করে তৈরি করেন বাঁশের সেতু। এটি ২৫২ ফুট লম্বা ও পাঁচ ফুট চওড়া। সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে দেড় লক্ষাধিক টাকা। চিত্তরঞ্জন বিশ্বাস বলেন, ‘কোনো ভালো কাজ আটকে থাকে না। কেবল সততার সঙ্গে কাউকে উদ্যোগ নিতে হয়। সবার চেষ্টায় সেতুটি করা সম্ভব হয়েছে।’ উত্তর ধর্মসীমা গ্রামের কলেজশিক্ষক চন্দন বর বলেন, বাঁশের সেতুটি নির্মাণ করায় আপাতত এই এলাকার মানুষের দুঃখ কিছুটা হলেও লাঘব হলো। বড়শলই গ্রামের গোলাম মোস্তফা বলেন, ‘জনপ্রতিনিধিরা বারবার প্রতিশ্রুতি দিয়েছেন ব্রিজ করবেন। কিন্তু ৪০ বছরেও তাঁরা কথা রাখেননি। তাই বাঁশের সেতু নির্মাণে সামান্য সহযোগিতা করতে পেরে আমরা খুব খুশি।’ স্থানীয় সাংসদ বীরেন শিকদার গতকাল বৃহস্পতিবার বলেন, ‘বরইচারায় সেতুর অভাবে ওই এলাকার মানুষ অসহনীয় কষ্ট পোহাচ্ছে। আমি ওই সেতু করার ব্যাপারে জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ। আমি সাংসদ থাকাকালেই সেতুটি যেভাবেই হোক নির্মাণ করব।’