শাল্টি গ্রামে খুরারোগে ১০ দিনে ২২ গরুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের পীরগঞ্জে গরুর খুরারোগ ছড়িয়ে পড়েছে। এর মধে৵ উপজেলার চৈত্রকোল ইউনিয়নের শাল্টি গ্রামে ১০ দিনে ২২টি গরু মারা গেছে বলে জানা গেছে। উপজেলা পশুসম্পদ কার্যালয়ে ওই রোগের ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না বলে কৃষকেরা অভিযোগ করেছেন।
কৃষকদের অভিযোগ, খুরারোগে গত ২০ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ১০ দিনে শাল্টি গ্রামের কৃষক মুকুল মিয়া, সিরাজুল ইসলাম, মিজানুর রহমান, শাহ্ আলম মিয়া, বকুল মিয়া, নুর হুদা, আয়নাল হক, সেলিম মিয়া, আরিফুল হক, মনোয়ার হোসেন ও জলিল মিয়ার ৮টি গাভিসহ ২২টি গরু মারা গেছে। এ ছাড়া ভেন্ডাবাড়ী ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের রবিউল ইসলাম, খট্টু মিয়া, মহেষপুর গ্রামের দেলদার হোসেন ও হাজিপুর গ্রামের শাহজাহান মিয়ার ৬টি এবং মিলনপুর গ্রামে আরও ৮টি গরু খুরারোগে মারা গেছে বলে স্থানীয় কৃষকেরা জানিয়েছেন।
হাজিপুর গ্রামের শাহজাহান মিয়া কান্নায় ভেঙে পড়ে বলেন, ‘মোর সউগ গরু মরি গেইছে। গরুই মোর সম্পদ, গরুই জেবন আছিল।’
শাল্টি গ্রামের কৃষক সিরাজুল ইসলাম বলেন, ‘গরু মরি গেল। কত ঘুরচি পশু অফিসোত, তা-ও টিকা দেয় নাই। খালি কয় ওষুধ নাই।’
শাল্টি এলাকার ইউপি সদস্য মোফাজ্জল হোসেন বলেন, গরু হচ্ছে কৃষকের মূলধন। প্রত্যেক কৃষকের ঘরে গরু আছে। জমি চাষ করে কৃষক এখন কুলাতে পারছেন না। গরু-ছাগল পালন করে তাঁরা বেঁচে আছেন। অনেক ক্ষেত্রে নিজের জীবনের চেয়েও গরু-ছাগলকে তাঁরা বেশি দাম দেন। অথচ কৃষকের এই গরুই এখন খুরারোগে একের পর এক মারা যাচ্ছে। এ অবস্থায় কৃষক বিচলিত হয়ে পড়েছেন। গরু মারা যাওয়ার পর মৃত পশুর পাশে বসে কাঁদছেন অসহায় কৃষক। ইউপি সদস্য আরও বলেন, ‘আমার ওয়ার্ডে খুরারোগ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। কিন্তু উপজেলা পশুসম্পদ কার্যালয় থেকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে না।’
উপজেলা পশুসম্পদ কার্যালয়ের চিকিৎসকেরা বলেন, খুরারোগের লক্ষণ হচ্ছে আক্রান্ত পশুর শরীরের তাপমাত্রা বেড়ে যায়। জিহ্বা, দাঁতের মাড়ি, মুখগহ্বর ও পায়ের খুরে ক্ষত তৈরি হয়। মুখ দিয়ে লালা ও ফেনা বের হতে থাকে। কোনো কিছুই খেতে পারে না। এ অবস্থায় আক্রান্ত পশু খোঁড়াতে থাকে। অবশেষে দুর্বল হয়ে কয়েক দিনের মধ্যে মারা যায়। আক্রান্ত পশুকে অন্য পশু থেকে পৃথক করে রাখতে হবে। আর পশুর ক্ষতস্থানে সালফানিলামাইড পাউডার দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।
উপজেলা পশুসম্পদ কর্মকর্তা মাছুদার রহমান মুঠোফোনে বলেন, ‘খুরারোগ ভাইরাসজনিত। দ্রুত এ রোগ ছড়ায়। পীরগঞ্জ উপজেলায় অন্তত ৩ লাখ গরু আছে। চলতি বছর আমরা খুরারোগের ভ্যাকসিন বরাদ্দ পেয়েছি ২৬২৪ মাত্রা। বছরে দুবার গরুকে এই ভ্যাকসিন দিতে হয়। সেই মোতাবেক আমরা বছরে মাত্র ১ হাজার ৩১২টি গরুকে খুরারোগের ভ্যাকসিন দিতে পারি। প্রয়োজনের তুলনায় ভ্যাকসিন সরবরাহ একেবারেই অপ্রতুল। আপত্কালের জন্য বর্তমানে উপজেলা পশুসম্পদ কার্যালয়ে মাত্র ৫০ মাত্রা ভ্যাকসিন আছে।’ তিনি আরও জানান, ঘাটতি পূরণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বাড়তি বরাদ্দ চাইলেও পাওয়া যায় না।