শাল্লা আওয়ামী লীগে কোন্দল সুরঞ্জিত-অবনী মুখোমুখি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেল কেলেঙ্কারির ঘটনায় আলোচিত দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের সংসদীয় এলাকা সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। যেকোনো মুহূর্তে সেখানে সংঘর্ষের আশঙ্কা করছেন আওয়ামী লীগের কর্মী ও সমর্থকেরা।৮ অক্টোবর শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। তবে সুরঞ্জিত সেনগুপ্ত উপস্থিত থেকে আহ্বায়ক কমিটি গঠন করে দেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অবনীমোহন দাসের অনুসারী আওয়ামী লীগ-সমর্থিত সব কটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ দলের বেশির ভাগ নেতা-কর্মী সম্মেলন বর্জন করেন।গতকাল বুধবার শাল্লা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বেলা ১২টা থেকে দুইটা পর্যন্ত অনুষ্ঠিত সভায় ৬৫ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের কমিটির মাত্র ১৩ জন সদস্য উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন সুরঞ্জিত সমর্থিত উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুহিম দাস। যাঁরা সভায় যোগ দেননি তাঁরা সবাই অবনীমোহন সমর্থিত নেতা-কর্মী বলে জানা গেছে।সংশ্লিষ্ট ইউনিয়নের নেতারা জানান, সম্মেলনে ১৮ জন কাউন্সিলরের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র তিনজন। সব কাউন্সিলর উপস্থিত না থাকায় সম্মেলন না করে স্থানীয় সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত সেখানে চার সদস্যবিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করেছেন। এতে স্থানীয় আওয়ামী লীগের রাজনীতিতে সুরঞ্জিত সেনগুপ্ত হঠাৎই যেন পিছিয়ে পড়েছেন। আটগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য এনামুল হক বলেন, ‘এটি কোনো অভ্যন্তরীণ কোন্দল নয়, শিগগির সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।’দিরাই ও শাল্লা উপজেলার একাধিক নেতা-কর্মী জানান, স্থানীয় আওয়ামী লীগের প্রভাবশালী দুই নেতার দ্বন্দ্বে দলীয় অভ্যন্তরীণ রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। মাত্র দুই মাস আগেও একই মেরুতে অবস্থান নেওয়া এই দুই নেতা বর্তমানে বিপরীতে অবস্থান নিয়েছেন। কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের আওয়ামী লীগের ক্ষমতাধর কয়েকজন নেতার নীরব সমর্থনও রয়েছে অবনীমোহনের প্রতি।নাম প্রকাশে অনিচ্ছুক যুবলীগের এক নেতা জানান, শাল্লার কয়েকটি জলমহাল ইজারা দেওয়া নিয়ে দুই নেতার মধ্যে মতবিরোধ দেখা দেয়। জলমহাল ইজারা দিতে অবনীমোহন যে নাম প্রস্তাব করেছেন, সেসব নাম বাদ দিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত নিজের পছন্দের ব্যক্তিদের নাম সুপারিশ করেন। এতে অবনীমোহন ক্ষুব্ধ হন। এর পর থেকেই সুরঞ্জিতের সঙ্গে অবনীমোহনের সম্পর্কের অবনতি ঘটে। সর্বশেষ ৮ অক্টোবর আওয়ামী লীগের ইউনিয়ন কাউন্সিল নিয়ে দুই নেতার মনোমালিন্য প্রকাশ্য রূপ নেয়।অনেকের আশঙ্কা, আগামী নির্বাচনে সুনামগঞ্জ-২ আসনে অবনীমোহন আওয়ামী লীগের মনোনয়ন চাইবেন। তাই নির্বাচনের আগেই এই দ্বন্দ্বের বিস্ফোরণ ঘটতে পারে। শাল্লা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক বলেন, ‘সংগঠন হচ্ছে সবাইকে নিয়ে সংঘবদ্ধভাবে কাজ করা। এখানে একক ব্যক্তি যখন ক্ষমতা কুক্ষিগত করতে চান, তখন এটা অনেকেই মেনে নেবে না। সুরঞ্জিত সেনগুপ্তের বাইরে গণতন্ত্র, ভেতরে একনায়কতন্ত্র। এটা আমরা মেনে নিতে পারি না। তাই উপজেলার ৮০ ভাগ নেতা-কর্মী এখন তাঁর সঙ্গে নেই।’ অবনীমোহন দাস বলেন, ‘সুরঞ্জিত সেনগুপ্ত স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের ক্ষমতা মানতে চান না। উপজেলার বিভিন্ন পর্যায়ের গঠিত কমিটির সিদ্ধান্ত উপেক্ষা করে ঢাকায় বসে তিনি নিজের পছন্দমতো কাজ করানোর জন্য প্রশাসনের সবাইকে নির্দেশ দেন।’ স্থানীয় সাংসদ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘শাল্লা উপজেলা নির্বাচনে স্থানীয় আওয়ামী লীগের নেতা অবনীমোহন দাস ও আল-আমিন চৌধুরী নির্বাচন করেছিলেন। এ নিয়ে ওই দুজনের মধ্যে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের জের ধরেই অবনীমোহন দাসের নেতৃত্বাধীন অংশটি সম্মেলনে যোগ দেয়নি। তবে অবনীর সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব-বিরোধ নেই। যেহেতু একটি অংশ যোগ দেয়নি, তাই আমি নতুনভাবে আহ্বায়ক কমিটি গঠন করে দিয়েছি। ওই কমিটি সবাইকে নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে।’ জলমহাল বরাদ্দ নিয়ে অবনীমোহনের সঙ্গে তাঁর রাজনৈতিক সম্পর্কের কোনো অবনতি হয়নি বলেও দাবি করেন সুরঞ্জিত সেনগুপ্ত।