শাল্লা উপজেলা চেয়ারম্যানের ওপর হামলা
সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা অবনি মোহন দাস সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। গত মঙ্গলবার আওয়ামী লীগের এক সাংসদের নির্দেশে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।অবনি মোহনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বুধবার শাল্লায় আধাবেলা হরতাল পালিত হয়েছে।প্রত্যক্ষদর্শী ও মামলার বিবরণে জানা যায়, মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অবনি মোহন চিকিৎসার জন্য ঢাকা যাওয়ার উদ্দেশে ব্যক্তিগত গাড়ি নিয়ে সুনামগঞ্জ শহরে যান। সেখানে একটি সিএনজি স্টেশনে গাড়িতে গ্যাস নিতে নামেন। এ সময় স্থানীয় ছাত্রলীগের ক্যাডাররা তাঁকে ঘিরে ধরে লোহার রড দিয়ে এলোপাতাড়ি আঘাত করে চলে যায়। রডের আঘাতে তাঁর হাত-পা ও পিঠে গুরুতর জখম হয়। সঙ্গে থাকা লোকজন তাঁকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।হাসপাতালে অবনি মোহন প্রথম আলোর কাছে অভিযোগ করেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ মতিউর রহমানের নির্দেশেই তাঁর ওপর হামলা হয়েছে। হামলাকারীরা চলে যাওয়ার সময় ‘শাল্লায় সাংসদের অপমানের প্রতিশোধ নেওয়া হলো’ বলে তাঁকে জানায়।অভিযোগের জবাবে সাংসদ মতিউর রহমান বলেন, ‘হামলার ঘটনায় আওয়ামী লীগ বা ছাত্রলীগের সম্পৃক্ততা নেই। আমি এই হামলার নিন্দা জানাই।’ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী বলেন, ‘হামলাকারীরা ছাত্রলীগের নাম ব্যবহার করেছে। এ জন্য সংগঠন দায়ী নয়।’এদিকে অবনি মোহনের ওপর হামলার প্রতিবাদে ‘সর্বস্তরের শাল্লাবাসী’র উদ্যোগে গতকাল আধাবেলার হরতাল হয়েছে। এ সময় দোকানপাট বন্ধ ছিল। কোনো যানবাহন চলেনি। হরতালের সময় খণ্ড খণ্ড মিছিল হয়েছে। সুনামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, এ ঘটনায় ১৫ জনকে আসামি করে দ্রুত বিচার আইনে মামলা হয়েছে।