শাল্লা উপজেলা চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলা চেয়ারম্যান অবনীমোহন দাসের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে সিলেটে বসবাসরত সুনামগঞ্জের বাসিন্দাদের একটি অংশ। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে দোষী ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়।দিরাই থানা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. নুরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সিলেট জেলা যুবলীগের সভাপতি জগদীশ দাস, সাধারণ সম্পাদক আজাদুর রহমান, যুক্তরাজ্য যুবলীগের সাধারণ সম্পাদক তরিফ আহমদ, যুক্তরাজ্য আওয়ামী আইনজীবী পরিষদের সাধারণ সম্পাদক অনুকূল তালুকদার প্রমুখ। বক্তারা বলেন, জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান অবনীমোহন দাসের ওপর সন্ত্রাসীদের ন্যক্কারজনক হামলার ঘটনায় দোষী ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসা হোক। একজন নির্বাচিত জনপ্রতিনিধির ওপর এ হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।৪৪ জন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানের ক্ষোভ ও নিন্দা: সিলেট বিভাগের ৪৪ জন চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান গত বুধবার রাতে এক বিবৃতিতে শাল্লা উপজেলা চেয়ারম্যানের ওপর হামলার ঘটনার নিন্দা জানিয়েছেন। ২৭ জুলাই সন্ত্রাসীরা শাল্লা উপজেলা চেয়ারম্যান অবনীমোহন দাসের ওপর হামলা করে।