সুনামগঞ্জের শাল্লা উপজেলার শাল্লা কলেজের শিক্ষার্থীরা গতকাল বুধবার স্থানীয় উপজেলা পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতি ও শিক্ষকের সঙ্গে অশোভন আচরণের অভিযোগে বিক্ষোভ করেছে। এ ঘটনার পর শিক্ষার্থীরা কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার উপজেলা সদরের একটি চায়ের দোকানের সামনে চেয়ারম্যানের কয়েকজন লোকের মধ্যে কর্মসৃজন প্রকল্পের টাকা উত্তোলন নিয়ে কথা-কাটাকাটি হয়। এ সময় শাল্লা কলেজের শিক্ষক বিজন কান্তি রায় তাঁর দুই সহকর্মীকে নিয়ে এগিয়ে গেলে একপর্যায়ে তাঁদের সঙ্গে ওই লোকদের বাগিবতণ্ডা হয়।শিক্ষক বিজন কান্তি রায় জানান, বিকেলে উপজেলা চেয়ারম্যান অবনি মোহন দাস তাঁকে ডেকে পাঠান এবং এসব বিষয়ে তাঁর সঙ্গে কথা বলেন। চেয়ারম্যানের আচরণ অশোভন মনে হয়েছে শিক্ষক বিজন কান্তি রায়ের কাছে।ঘটনাটি জানার পর গতকাল সকালে কলেজের শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল বের করে। এ সময় চেয়ারম্যানের লোকেরাও সদর বাজারে আরেকটি মিছিল বের করলে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অভিযোগ, তাদের মিছিলে চেয়ারম্যানের লোকজন হামলা করেছে। এর প্রতিবাদে তারা কলেজে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছে।শাল্লা উপজেলা পরিষদের চেয়ার্যম্যান অবনি মোহন দাস বলেন, ‘ওই শিক্ষক আমার বন্ধুমানুষ। আমি বলেছি শিক্ষকদের এসব রাজনীতিতে জড়ানো ঠিক নয়।’ গতকাল আমি শাল্লার বাইরে ছিলাম। শাল্লা গিয়ে সবাইকে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করব।’ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রণয় কান্তি দাস বলেন, ‘আমরা সাংসদকে নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করব।’