শাল্লাবাসীর মানববন্ধন, প্রধান শিক্ষকের অপসারণের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লায় ছাত্র পেটানোর ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন সিলেটে বসবাসরত শাল্লাবাসী। গতকাল মঙ্গলবার বিকেলে নগরের চৌহাট্টা এলাকার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত কর্মসূচিতে নানা শ্রেণি-পেশার মানুষসহ অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
কর্মসূচিতে আয়োজকেরা জানান, প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলালের বিরুদ্ধে শিক্ষার্থী পেটানোর একাধিক অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক নির্যাতন করে ওই শিক্ষক এক আতঙ্কের নামে পরিণত হয়েছেন। শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনের কথা ভেবে ওই শিক্ষককে বিদ্যালয় থেকে স্থায়ীভাবে অপসারণ করা উচিত।
বিকেল চারটায় শুরু হওয়া কর্মসূচিতে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা যুবলীগের নেতা অরিন্দম চৌধুরী, সুপ্রিয় দাশ, ব্যাংক কর্মকর্তা মলয় কান্তি সরকার, সপেন্দ্র দাশ, ছাত্রলীগের নেতা অনুপম তালুকদার, শিক্ষার্থী মনজু মহালদার, সাইদুর রহমান, হীরক সরকার, সীমান্ত তালুকদার, অঞ্জন চৌধুরী, মৃন্ময় দাস ঝুটন, সুবীর দাস, লিংকন রায়, সন্দীপন সরকার প্রমুখ।
শাল্লা উপজেলা সদরের শাহীদ আলী পাবলিক পাইলট দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ মোহাম্মদ দুলাল ২১ আগস্ট দশম শ্রেণির ছাত্র বিলাস সরকারকে তুচ্ছ কারণে শ্রেণি কার্যক্রম চলাকালে বেধড়ক পিটিয়ে জখম করেন। এ ঘটনায় শিক্ষার্থীর বাবা বাদী হয়ে শাল্লা থানায় একটি মামলা দায়ের করলে ২৪ আগস্ট প্রধান শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
প্রধান শিক্ষককে স্থায়ীভাবে বিদ্যালয় থেকে অপসারণের দাবিতে এলাকায় নিয়মিত মিছিল-সমাবেশ করছে বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বর্তমানে ওই আহত শিক্ষার্থী সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।