শাল্লায় জলমহালের ৪০ শতাংশ ভরাট হয়ে গেছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার জলমহালগুলোর প্রায় ৪০ শতাংশ পলি জমে ভরাট হয়ে গেছে। এ ছাড়া অন্তত ৩০টি জলমহালের ৭০ থেকে ৮০ শতাংশ ভরাট হয়ে পতিত জমিতে পরিণত হয়েছে। শিগগিরই এসব জলমহাল খনন করা না হলে আগামী ১০ বছরের মধ্যে সব কটি জলমহাল পুরোপুরি ভরাট হয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলায় জেলা জলমহালের (২০ একরের বেশি আয়তনের) সংখ্যা ৪৭টি এবং উপজেলা জলমহালের (২০ একরের কম) সংখ্যা ৫৩টি। চলতি বছর ২৯টি উপজেলা জলমহাল বন্দোবস্ত দেওয়ার জন্য আবেদন আহ্বান করা হয়। মাত্র ১১টি জলমহাল বন্দোবস্ত নিতে আবেদন করেন মৎস্য সমিতির নেতারা। অপর ১৮টি জলমহাল ৭০ থেকে ৮০ শতাংশ ভরাট হয়ে যাওয়ায় কোনো সমিতি আবেদন করেনি বলে মৎস্য সমিতি সূত্রে জানা গেছে।

কয়েকজন মৎস্যজীবী জানান, জলমহালগুলোতে মাত্রাতিরিক্ত পলিমাটি পড়ে ক্রমশ নাব্যতা হারিয়ে এগুলো পানিশূন্য হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অপরিকল্পিত বাঁধ ও জলকপাট (স্লুইসগেট) নির্মাণের ফলে এই অবস্থার সৃষ্টি হচ্ছে। এ ছাড়া সম্প্রতি মাছ শিকারের নেশায় অনেকেই পাউবোর বাঁধ কেটে দেওয়ায় জলমহালে পলি জমছে।

উপজেলা জলমহাল ব্যবস্থাপনা কমিটির সদস্য এবং সুলতানপুর সোনালী মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি মো. তকবীর হোসেন বলেন, ‘আমি দীর্ঘদিন উপজেলার অন্যতম বৃহৎ মাউতি বিল নামের জলমহালটি বন্দোবস্ত নিয়েছিলাম। কিন্তু ক্রমশ পলিমাটি পড়ে জলমহালটির প্রায় ৭০ শতাংশ ভরাট হয়ে গেছে। এটি ভরাট হওয়ায় একদিকে যেমন মাছ আগের মতো পাওয়া যায় না, তেমনি এটির আশপাশের জমিতে পানি দেওয়া সম্ভব হচ্ছে না। এতে হাওরের কৃষক ও মৎস্যজীবীরা চরম দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েছেন।’    

পাউবো জানিয়েছে, চলতি বছর শাল্লা উপজেলায় ৩৭টি বাঁধ নির্মাণ করা হয়েছে।

এসব বাঁধের পলিমাটি পড়ে জলমহালগুলো ভরাট হচ্ছে কি না, জানতে চাইলে পাউবো শাল্লা উপজেলার উপসহকারী প্রকৌশলী সাজ্জাদ হোসেন, ‘বছর-বছর দেওয়া বেড়িবাঁধগুলোর মাটি ক্ষয় হয়ে জমি ও জলমহালগুলোতে পড়ছে।’

সরেজমিনে দেখা গেছে, উপজেলার গুলো বিল, গণকির বিল, চামটি নদী, গড়ের বন্দের বিল ৭০ থেকে ৮০ শতাংশ ভরাট হয়ে গেছে।

এ ছাড়া ২৫টি জলমহালের ৬০ শতাংশের বেশি ভরাট হয়েছে বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। শাল্লা কিন্ডারগার্টেনের অধ্যক্ষ দিপু রঞ্জন দাশ জানান, উপজেলার অন্যতম বৃহৎ ভাণ্ডা বিল ইজারার অভাবে তিন বছর ধরে খাস আদায়ে (কালেকশনে) যাচ্ছে। এ ছাড়া জেলা জলমহালের অন্তর্ভুক্ত আক্তারপাড়া নদীতে পাঁচ ফুট এবং বাহাড়া প্রকাশিত ভাণ্ডা বিলে চার ফুট পলি পড়েছে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানান, ভরাট হয়ে প্রতিবছরই প্রতিটি জলমহালের আয়তন কমছে। আয়তন অনুযায়ী ইজারামূল্য না থাকায় জলমহাল অবিক্রীত থেকে যাচ্ছে। এমনকি ইজারা না হওয়া জলমহাল বার্ষিক খাস কালেকশন পদ্ধতিতেও মৎস্যজীবীরা নিচ্ছে না।

এ ব্যাপারে শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম মহিউদ্দিন কবীর প্রথম আলোকে বলেন, শুধু শাল্লা নয়, হাওর-অধ্যুষিত সাতটি জেলার উপজেলাগুলোর জলমহালগুলোতে একই অবস্থা বিরাজ করছে। এ থেকে উত্তরণের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রয়োজন। তিনি আরও বলেন, ‘শিগগিরই জলমহাল খনন করতে না পারলে আগামী ৮ থেকে ১০ বছরের মধ্যে হাওর তার অস্তিত্ব হারাবে। জলমহাল খননের জন্য প্রয়োজনে টিআর, কাবিখার ৪০ দিনের কর্মসূচি জাতীয় প্রকল্পগুলোও অন্তর্ভুক্ত করা যেতে পারে। বিষয়টি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।