শাল্লায় তিনটি বসতঘরে আগুন শিশুর মৃত্যু
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর পুড়ে গেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে ১০ মাস বয়সী একটি শিশু। গতকাল সোমবার গভীর রাতে উপজেলার হবিবপুর ইউনিয়নের মারকুলি গ্রামে এ ঘটনা ঘটে।
আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি, জমিসংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষের লোকজন তাঁদের বসতঘরে আগুন দিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, মারকুলি গ্রামে একটি ওয়াক্ফ এস্টেটে ঘর তুলে দীর্ঘদিন ধরে ৪৫-৫০টি ভূমিহীন পরিবার বসবাস করছিল। ওই ওয়াক্ফ এস্টেট কর্তৃপক্ষের দাবির মুখে এক বছরে অধিকাংশ পরিবার অন্যত্র চলে গেছে। বর্তমানে সেখানে নয়টি পরিবার রয়েছে। আবদুল আলী, ছাক্কা মিয়া ও লুজন মিয়ার ঘরে সোমবার গভীর রাতে আগুনের সূত্রপাত হয়। আগুন দেখে আবদুল আলী ও তাঁর স্ত্রী তড়িঘড়ি তিন সন্তানকে নিয়ে ঘর থেকে বের হয়ে যান। ১০ মাসের শিশুসন্তান রোকসানা ঘরের ভেতরে থেকে যায়। সে অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।
শাল্লা থানার ওসি আনিছুর রহমান জানান, ওই ওয়াক্ফ এস্টেট থেকে বেশির ভাগ পরিবারই অন্যত্র চলে গেছে। অগ্নিকাণ্ডের ঘটনা জমিসংক্রান্ত পূর্ববিরোধের জের ধরে ঘটেছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। ওসি বলেন, আগুনে পুড়ে যাওয়া তিনটি ঘরই আলাদা। আগুন লেগে একটি ঘর থেকে আরেকটিতে ছড়িয়ে পড়ার মতো অবস্থা নয়। পুরো বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে।