শাল্লার ইউএনওকে প্রত্যাহার
অবশেষে সুনামগঞ্জের শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ এম আসিফ বিন ইকরামকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে তাঁকে শাল্লা থেকে প্রত্যাহার করে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
সুনামগঞ্জের জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, বিভাগীয় কমিশনারের নির্দেশের পরিপ্রেক্ষিতে গতকালই শাল্লা থেকে ইউএনওকে প্রত্যাহার করা হয়েছে।
গত মঙ্গলবার সুনামগঞ্জ জেলায় কর্মরত সাংবাদিকেরা ওই ইউএনওকে প্রত্যাহারের দাবিতে জেলা শহরে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে জনপ্রশাসনমন্ত্রীর কাছে একই দাবিতে স্মারকলিপি দেন তাঁরা। সাংবাদিকেরা ইউএনওকে প্রত্যাহারে সাত দিনের সময় বেঁধে দিয়েছিলেন।
অভিযোগ রয়েছে, ইউএনও ইকরাম গত রোববার শাল্লা বাজারে স্থানীয় সাংবাদিক বকুল আহমেদ তালুকদারকে মারধর করেন। তিনি পরদিন সোমবার বিকেলে স্থানীয় আরেক সাংবাদিক বাদল চন্দ্র দাসের দোকানঘরও উচ্ছেদ করেন।