শাল্লার ইউএনওকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ বিন ইকরামকে প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন করেছেন গণমাধ্যমের কর্মীরা। জেলা সদরের আলফাত স্কয়ারে দুপুর ১২টায় এই মানববন্ধন শুরু হয়। এ সময় সাত দিনের মধ্যে ইউএনওকে সুনামগঞ্জ থেকে প্রত্যাহারের দাবি জানান তাঁরা। পরে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে জনপ্রশাসনমন্ত্রীকে স্মারকলিপি দেওয়া হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ইউএনও আসিফ বিন ইকরামের নানা অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় তিনি এই জেলার সাংবাদিকদের ওপর অত্যন্ত ক্ষুব্ধ। তিনি ২৫ সেপ্টেম্বর শাল্লার এক সাংবাদিককে মারধর করেছেন। কোম্পানীগঞ্জ উপজেলায়ও তিনি নানা অনিয়ম-দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন। স্মারকলিপি গ্রহণের সময় জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম বলেন, এর আগেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে। সার্বিক পরিস্থিতি সম্পর্কে আবারও অবহিত করা হবে।