শাল্লায় জায়গা দখল নিয়ে দুই পক্ষে সংঘর্ষ পুলিশসহ আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই পুলিশসহ ১০ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলা সদরে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসী জানিয়েছে, উপজেলা বাজারে বাহারা গ্রামের বাসিন্দা নগেন্দ্র চৌধুরীর একখণ্ড জমি ছিল। দেড় বছর আগে নগেন্দ্র চৌধুরী এলাকা থেকে চলে যান। তখন ঘুঙ্গিয়ারগাঁও গ্রামের বাসিন্দা ইসহাক মিয়া ওই জমি নগেন্দ্র চৌধুরীর কাছ থেকে কিনে নিয়েছেন বলে দাবি করে সেখানে দোকানঘর তুলে ব্যবসা শুরু করেন। একই সঙ্গে বাহারা গ্রামের বাসিন্দা হাবিবুর রহমানও ওই জমি নগেন্দ্রর কাছ থেকে কিনেছেন বলে দাবি করেন এবং তা দখলের চেষ্টা চালান। এ নিয়ে ইসহাক মিয়া ও হাবিবুর রহমানের মধ্যে দ্বন্দ্ব চলছিল। গতকাল বেলা একটার দিকে হাবিবুর রহমানের লোকজন ওই দোকানের দখল নিতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষ থামানোর চেষ্টা করে। এ সময় ইটপাটকেলের আঘাতে শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল মোহন্ত ও কনস্টেবল মারফত আলী আহত হন। এ ছাড়া উভয় পক্ষের কমপক্ষে আটজন আহত হন।ইসহাক মিয়ার ছোট ভাই রাজ্জাক মিয়া দাবি করেন, ক্রয়সূত্রে তাঁরা ওই জায়গার মালিক। হাবিবুর তা দখল করতে এলে সংঘর্ষের ঘটনা ঘটে।এ বিষয়ে চেষ্টা করেও হাবিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, পরিস্থিতি শান্ত আছে। কোনো পক্ষই মামলা করেনি।