শাল্লায় প্রধান শিক্ষক নিয়োগে অনিয়ম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অবনীমোহন দাসের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে একটি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যুবলীগের সাবেক নেতাকে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।
এদিকে বিদ্যালয়ে শিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে গতকাল রোববার কয়েক শ মানুষ অবনীমোহন দাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বেলা আড়াইটায় উপজেলার ঘুঙ্গিয়ারগাঁও বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার ঐতিহ্যবাহী শাহীদ আলী পাবলিক পাইলট দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে দীর্ঘদিন ধরে প্রধান শিক্ষকের পদটি শূন্য ছিল। ৯ নভেম্বর ওই পদের বিপরীতে লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আরিফ মোহাম্মদ দুলালকে নিয়োগ দেওয়া হয়। তিনি ১৩ নভেম্বর ওই পদে যোগদান করেন।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, আরিফ উপজেলার আটগাঁও হাফিজ আলী উচ্চবিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত নীতিমালা অনুযায়ী, কোনো শিক্ষক অপর কোনো মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে চাইলে তাঁকে কর্মরত প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা কমিটির সভাপতির সই করা অভিজ্ঞতা সনদ ও অনাপত্তিপত্র দাখিল করতে হবে। কিন্তু আরিফ আবেদনপত্রের সঙ্গে জাল অভিজ্ঞতা সনদ ও ভুয়া অনাপত্তিপত্র দাখিল করেছেন। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের আগে বিষয়টি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবদুস শহীদ লিখিতভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যানকে জানিয়েছিলেন। কিন্তু তিনি সেটা অগ্রাহ্য করে আরিফকে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ করে দেন।
আবদুস শহীদ বলেন, ‘আমি শাল্লা থানায় আরিফের বিরুদ্ধে আমার স্বাক্ষর জাল করার অভিযোগ এনে গত বুধবার মামলা করেছি।’ আরিফ বলেন, ‘পারিবারিক বিরোধের জের ধরে মামার (আবদুস শহীদ) সঙ্গে আমার সম্পর্কের অবনতি ঘটেছে। তাই তিনি অভিজ্ঞতা সনদ ও অনাপত্তিপত্রে স্বাক্ষর দিয়েও এখন তা অস্বীকার করছেন।’
তবে অবনীমোহন দাস বলেন, ‘প্রধান শিক্ষক পদে আবেদন করার সময় নিয়োগপ্রার্থীদের অভিজ্ঞতা সনদ ও অনাপত্তিপত্র দাখিল করতে হবে—এ ধরনের কোনো নিয়ম বা নীতিমালা নেই। তাই অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে আমি আরিফকে নিয়োগ দিয়েছি, এ তথ্য সঠিক নয়।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গুলজার আহমদ খান বলেন, ‘আরিফের অভিজ্ঞতা সনদ ও অনাপত্তিপত্র জাল ছিল—এ অভিযোগ নিয়োগ পরীক্ষার আগেই পেয়েছিলাম। অভিযোগ পেয়ে ব্যবস্থাপনা কমিটির সভাপতির সঙ্গে আলোচনা করেছিলাম। তিনি জানিয়েছিলেন, ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সব প্রার্থীকেই পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, নীতিমালা অনুযায়ী প্রার্থীকে আবেদনপত্রের সঙ্গে সংশ্লিষ্ট কাগজপত্র সংযুক্ত করে দিতে হয়। সুনির্দিষ্ট করে কোনো কাগজপত্রের নাম উল্লেখ না থাকলেও সংশ্লিষ্ট সব কাগজই দিতে হয়। আর এমপিওভুক্তির আবেদনের সময় নিয়োগকৃত প্রার্থীকে অবশ্যই আগের বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতির ছাড়পত্র দেখাতে হবে।
বিক্ষোভ সমাবেশ: গতকাল সমাবেশে বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি আবদুস সাত্তার, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিশ্বজিত চৌধুরী, প্রমুখ। সমাবেশে বক্তারা ‘অবৈধ নিয়োগ’ বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। আজ সোমবার পরবর্তী কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে তাঁরা জানিয়েছেন।