শাল্লায় সংঘর্ষে আহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার সদর ইউনিয়নের ইয়ারাবাদ গ্রাম মসজিদের হিসাবপত্র নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ৩৫ জন আহত হয়েছে। গতকাল শুক্রবার জুমার নামাজের পর এ ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, গতকাল জুমার নামাজের পর মসজিদের হিসাবনিকাশ নিয়ে গ্রামের মাহতাব আলী ও আবদুল হামিদের মধ্যে বাগিবতণ্ডা হয়। এরই জের ধরে সংঘর্ষ শুরু হলে দুই দফায় ৩৫ জন আহত হয়। খবর পেয়ে শাল্লা থানার পুলিশ ও স্থানীয় ইউনিয়ন চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের মধ্যে মাহতাব আলী (৬০) ও আবদুল হামিদকে (৪২) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের মধ্যে কিতাব আলী (৫৫), মাছুম আলী (৪০), জয়নাল আবেদীন (৩৫), জুলহাস উদ্দিন (৩৫)সহ ২১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আবুল লেইছ চৌধুরী জানান, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। দুই পক্ষকে নিয়ে সামাজিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হচ্ছে। শাল্লা থানার উপপরিদর্শক (এসআই) জাকির হোসেন বলেন, ‘মসজিদের হিসাবপত্র নিয়েই সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। বিষয়টি সামাজিকভাবে নিষ্পত্তির জন্য মুরব্বিরা দায়িত্ব নিয়েছেন।’