শাল্লায় ২৫ জন ভূমিহীন কৃষককে খাস জমি প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের শাল্লা উপজেলার অতিদরিদ্র ২৫ জন ভূমিহীন কৃষককে গতকাল বুধবার খাসজমি দেওয়া হয়েছে। এই উপজেলার ৭১০ জন ভূমিহীন কৃষককে পর্যায়ক্রমে ৫০১ একর খাস জমির দলিল হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গতকাল বুধবার খাসজমির দলিল হস্তান্তর কর্মসূচির উদ্বোধন করেন সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম। শাল্লা কলেজের মাঠে জেলা প্রশাসনের উদ্যোগে ও বেসরকারি উন্নয়ন সংস্থা হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের সিঁড়ি প্রকল্পের সহযোগিতায় আয়োজিত দলিল হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ ইয়ামিন চৌধুরী। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শাল্লা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম মাহিন উদ্দিন কবীর, হেলভেটাস সুইস ইন্টারকো-অপারেশনের বাংলাদেশ পরিচালক ফেলিক্স বাখম্যান, সংস্থার কর্মসূচি ব্যবস্থাপক সাইদুর রহমান ও প্রকল্প ব্যবস্থাপক জাহিদ হাসান। পরে ভূমিহীনদের হাতে জমির দলিল তুলে দেওয়া হয়। বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলম তাঁর বক্তব্যে বলেন, হতদরিদ্রদের জীবনমান উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি এবং উন্নয়ন সংস্থাগুলোকেও স্বচ্ছতার সঙ্গে কর্মসূচি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। প্রকল্পের ব্যবস্থাপক জাহিদ হাসান জানান, এই প্রকল্পের আওতায় শাল্লা উপজেলার ৭১০ জন ভূমিহীন কৃষককে পর্যায়ক্রমে ৫০১ একর খাস জমি দেওয়া হবে।