শাশুড়ি খুনের ঘটনায় জামাতার বিরুদ্ধে মামলা দায়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে মিনু ওরফে বরু বেগম (৪৮) নামের গৃহবধূ খুনের ঘটনায় তাঁর জামাতা ওয়াদুদ ব্যাপারীসহ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহত নারীর স্বামী কামাল শেখ গত সোমবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় এই মামলা করেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ বলেন, সোমবার রাতে বরু বেগমের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। ওই রাতেই নিহতের স্বামী কামাল শেখ জামাতা ওয়াদুদ ব্যাপারী ও তাঁর বাবা আবদুল জব্বার ব্যাপারীকে আসামি করে মামলা করেন। গতকাল মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে দৌলতদিয়া ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের ওয়াদুদ ব্যাপারীর সঙ্গে গোয়ালন্দ পৌরসভার ইবাদালী মিস্ত্রিপাড়ার কামাল শেখের মেয়ে সাথীর বিয়ে হয়। কয়েক মাস আগে বাবার বাড়িতে এসে স্থানীয় বেসরকারি সংস্থার মাঠকর্মী হিসেবে কাজ শুরু করেন সাথী। এটা জানতে পেরে ওয়াদুদ মুঠোফোনে ও শ্বশুরবাড়ি এসে সাথীর কাছে টাকা চাইতেন। সোমবার বেলা দেড়টার দিকে ওয়াদুদ শ্বশুরবাড়ি যান। এ সময় তাঁর শাশুড়ি বরু বেগম রান্নাঘরে ছিলেন। কথায় কথায় তাঁদের মধ্যে ঝগড়া বেধে যায়। একপর্যায়ে চুলার পাশে থাকা বঁটি দিয়ে শাশুড়ির বুকে ও হাতে কয়েকটি আঘাত করেন ওয়াদুদ। আশপাশের লোকজন এগিয়ে এলে ওয়াদুদ পালিয়ে যান।