নোয়াখালীর বেগমগঞ্জের আলীপুর গ্রামের গৃহবধূ ও স্কুলশিক্ষক ফারজানা নূর হত্যা মামলায় তাঁর শাশুড়ি মাহেনুর বেগমকে (৫০) এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে রিমান্ডে নেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা ও বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহীনুজ্জামান গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, রিমান্ড চলাকালে ফারজানার ওপর নির্যাতনের বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। এদিকে, ফারজানার শ্বশুর এ বি এম আহছান উল্লা, স্বামী বায়োজিদ বোস্তামীসহ মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে দুপুর ১২টার দিকে মানববন্ধন করেছে ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ফোরাম ও এলাকাবাসী। গত বছরের ২৪ জুন বরিশালের সরকারি হাতেম আলী কলেজের প্রভাষক বায়োজিদ বোস্তামীর সঙ্গে ফারজানা নূরের বিয়ে হয়। অভিযোগ রয়েছে, যৌতুকের দাবিতে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের শিকার হয়ে ফারজানা মারা যান।