শাশুড়ি-সন্তানসহ চারজনকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ভীমপুর তালপাড়া ক্ষুদ্র নৃগোষ্ঠী পল্লিতে ছয় বছরের সন্তান, শ্যালিকা, শাশুড়ি ও ফুপা শ্বশুরকে হত্যার দায়ে সুমন হেমব্রমকে (৩২) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। জয়পুরহাট জেলা ও দায়রা জজ বেগম মমতাজ পারভীন আজ বুধবার দুপুরে এ রায় দেন।
রায় ঘোষণার সময় সুমন আদালতে হাজির ছিলেন। পরে তাঁকে জয়পুরহাট জেলা কারাগারে নিয়ে যাওয়া হয়। সুমনের গ্রামের বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলার রতনপুর গ্রামে।
এ মামলায় ১২ জনের সাক্ষ্য নেওয়া হয়। রায়ে আদালত বলেন, সুমন হেমব্রম ঠান্ডা মাথায় চারজনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ২০ জুন রাত সাড়ে তিনটার দিকে ভীমপুর গ্রামের মানুয়েল মারান্ডির বাড়িতে ছয় বছরের শিশু সানি হেমব্রম, শাশুড়ি সন্ধ্যা রানী হাজদা (৪৫), শ্যালিকা তেরেজা মারান্ডি (২০) ও ফুপা শ্বশুর লুকাস হেমব্রমকে (৫০) কুপিয়ে হত্যা করেন সুমন। এ সময় স্ত্রী সিলভিয়া মারান্ডিকেও কুপিয়ে আহত করেন সুমন। এ ঘটনায় সুমনকে একমাত্র আসামি করে পাঁচবিবি থানায় মামলা করেন তাঁর শ্বশুর মানুয়েল মারান্ডি।
পাঁচবিবি থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মো. ফরিদ হোসেন মামলাটি তদন্ত করে ওই বছরের ৩১ আগস্ট সুমনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে বলা হয়, পারিবারিক বচসা থেকেই চারজনকে খুন করেন সুমন।
আদালত চত্বরে উপস্থিত মামলার বাদী মানুয়েল মারান্ডি ও সুমনের স্ত্রী সিলভিয়া মারান্ডি রায়ে সন্তোষ প্রকাশ করেন। আসামির মৃত্যুদণ্ডের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান তাঁরা।