শাশুড়ি হত্যায় জামাতাসহ চারজনের যাবজ্জীবন
গাজীপুরে শাশুড়িকে হত্যার দায়ে জামাতাসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও এক মাস করে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
আজ বুধবার দুপুরে গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. ইকবাল হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন জামাতা গাজীপুর সিটি করপোরেশনের চান্দপাড়া এলাকার সাইফুল ইসলাম, একই এলাকার দোলোয়ার হোসেন ও খলিল এবং সিটি করপোরেশনের কড্ডানান্দুন এলাকার মাসুদ।
গাজীপুর আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম ও রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করা আইনজীবী শরীফ ফজলে রাব্বী বলেন, জামাতা সাইফুলের বাড়িতে থাকতেন শাশুড়ি আলেয়া বেগম। পারিবারিক কলহের জেরে ১৯৯৪ সালের ৩০ অক্টোবর তিনি খুন হন। এরপরের দিন এ ঘটনায় নিহত নারীর ভাই আবুল হোসেন বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা করেন। পরে তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মামুনুর রশীদ চারজনের বিরুদ্ধে ১৯৯৫ সালের ৫ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।