শাশুড়ি হত্যায় পুত্রবধূর যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে বিয়ে বহির্ভূত সম্পর্কের জের ধরে শাশুড়িকে হত্যার দায়ে পুত্রবধূসহ দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল প্রদান করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. বজলুর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কাঁঠালিয়ার জয়খালি গ্রামের কেফায়েত উল্লাহ (২৫) ও একই গ্রামের কুলসুম বেগম (২৮)। রায় প্রদানকালে আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

মামলার নথি সূত্রে জানা যায়, কাঁঠালিয়া উপজেলার জয়খালি গ্রামের কালাম হাওলাদার চাকরির কারণে ঢাকায় থাকতেন। গ্রামের বাড়িতে তাঁর স্ত্রী কুলসুম বেগম ও তাঁর মা রিজিয়া বেগম থাকতেন। স্বামীর অনুপস্থিতে কুলসুম বেগম প্রতিবেশী কেফায়েত উল্লাহর সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে তোলেন। বিষয়টি শাশুড়ি রিজিয়া বেগমের কাছে ধরা পরায় কুলসুম বেগম তাঁকে কেফায়েত উল্লাহর সহায়তায় হত্যার পরিকল্পনা করেন। ২০১৫ সালের ১২ এপ্রিল কুলসুম বেগমের সহায়তায় কেফায়েত উল্লাহ ঘরে প্রবেশ করে রাজিয়া বেগমকে গলাটিপে হত্যা করে পার্শ্ববর্তী ডোবায় ফেলে দেন। পরের দিন কুলসুম বেগম পরিবারের চাপে দোষ স্বীকার করেন।

পরে রিজিয়া বেগমের মেয়ে বাদী হয়ে কাঁঠালিয়া থানায় দুজনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। কুলসুম আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা কাঁঠালিয়া থানার উপপরিদর্শক আ. সালাম ২০১৫ সালের ৩১ মে অভিযোগপত্র দেন। আদালত ৫ অক্টোবর ২০১৫ তারিখ অভিযোগ গঠন করেন।

এ বিষয়ে অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম আলম কামাল বলেন, আদালত মামলায় ১৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এ রায় প্রদান করেন।