শাশুড়িকে কুপিয়ে হত্যার অভিযোগে পুত্রবধূ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের মির্জাপুরে এক পুত্রবধূ তাঁর শাশুড়িকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চোহাত্তুর গ্রামে গতকাল রোববার এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুত্রবধূ আরিফা বেগমকে (২০) গ্রেপ্তার করেছে।নিহত ওই শাশুড়ির নাম আনোয়ারা বেগম। তিনি মির্জাপুর উপজেলার আলী হোসেনের স্ত্রী। পুলিশ গতকালই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইলে মর্গে পাঠিয়েছে।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলী হোসেনের ছেলে পান্নু মিয়ার (২৮) সঙ্গে সাত মাস আগে নরদানা গ্রামের আমির হোসেনের মেয়ে আরিফার বিয়ে হয়। গতকাল সকালে পান্নু মিয়া বিদেশে যাওয়ার জন্য তাঁর স্বাস্থ্য পরীক্ষা করতে টাঙ্গাইল যান। সকাল সাড়ে নয়টায় আরিফা পাশের বাড়ির নারীদের জানান, তাঁর শাশুড়িকে কে যেন মারধর করছে। এ সময় প্রতিবেশী ঠান্ডু মিয়ার স্ত্রী আলেয়া বেগম পান্নুদের বাড়িতে এসে দরজা খুলে মেঝেতে আরিফার শাশুড়ির লাশ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় আরিফা পালানোর চেষ্টা করলে গ্রামবাসী তাঁকে আটক করে পুলিশে খবর দেয়।এ ঘটনায় আনোয়ারা বেগমের ভাই আমজাদ হোসেন গতকাল বিকেলে মির্জাপুর থানায় হত্যা মামলা করেছেন। এ মামলায় আরিফা বেগমকে আসামি করা হয়েছেমির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার বলেন, শাশুড়িকে হত্যা করার অভিযোগে আরিফা বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।